সাঁতার কেন চিকিৎসকদেরও পছন্দের ব্যায়াম

শরীরচর্চার জন্য অনেক ধরনের ব্যায়াম থাকলেও চিকিৎসকদের কাছে সাঁতার অন্যতম সেরা ব্যায়াম হিসেবে বিবেচিত। কারণ এটি শরীরের প্রায় সব পেশিকে একসঙ্গে সক্রিয় করে, অথচ জয়েন্ট ও হাড়ের ওপর তুলনামূলক কম চাপ ফেলে। নিয়মিত সাঁতার কাটা হৃদ্স্বাস্থ্য ভালো রাখা, ওজন নিয়ন্ত্রণ, পেশির শক্তি বাড়ানো, মানসিক চাপ কমানো এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এ কারণেই শিশু থেকে প্রবীণ, প্রায় সব বয়সের মানুষের জন্যই এই ব্যায়ামের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
আধুনিক জীবনের ব্যস্ততা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে নানা ধরনের অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ এবং মানসিক চাপ এখন সব বয়সি মানুষের জন্য বড় উদ্বেগের বিষয়। এমন বাস্তবতায় চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞরা নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দিচ্ছেন। আর সেই শরীরচর্চার অন্যতম কার্যকর, নিরাপদ ও আনন্দদায়ক মাধ্যম হলো সাঁতার। সাঁতার এমন একটি ব্যায়াম, যেখানে শরীরের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ একযোগে কাজ করে। একই সঙ্গে এটি একটি জীবনরক্ষাকারী দক্ষতা। শিশু থেকে প্রবীণ প্রায় সবাই শারীরিক সক্ষমতা অনুযায়ী এই ব্যায়াম করতে পারেন।
সাঁতার শরীরচর্চার পূর্ণাঙ্গ মাধ্যম
সাঁতারের অন্যতম বড় সুবিধা হলো এটি পুরো শরীরের ব্যায়াম। হাত, পা, কাঁধ, পিঠ, কোমর ও পেটের পেশি সক্রিয় থাকে। ফলে শরীরের শক্তি, সহনশীলতা ও নমনীয়তা একসঙ্গে বৃদ্ধি পায়।
অন্য অনেক ব্যায়ামের তুলনায় সাঁতারে শরীরের জয়েন্টের ওপর চাপ কম পড়ে। তাই যারা দৌড়াতে পারেন না বা হাঁটুর সমস্যায় ভুগছেন, তাদের জন্যও এটি একটি নিরাপদ বিকল্প। সাঁতারের সময় শরীরের অতিরিক্ত ক্যালোরি ক্ষয় হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও এটি অত্যন্ত কার্যকর।
হৃদ্যন্ত্রের কার্যকারিতা বাড়ায়
নিয়মিত সাঁতার হৃদ্যন্ত্রকে আরও দক্ষভাবে রক্ত পাম্প করতে সাহায্য করে। এতে রক্তসঞ্চালন উন্নত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যায়। একই সঙ্গে নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাসের অভ্যাসের কারণে ফুসফুসের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাঁতার দীর্ঘমেয়াদে হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে এবং শারীরিক সহনশীলতা বাড়ায়।
মানসিক চাপ নিরসন করে
ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে সাঁতার হতে পারে একটি কার্যকর উপায়। সাঁতার মানসিক চাপ কমাতে বিশেষ ভূমিকা রাখে। পানিতে সময় কাটালে শরীর ও মন উভয়ই আরাম অনুভব করে। গবেষণায় দেখা যায় যে, পানির মধ্য দিয়ে চলাফেরা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এবং সেরোটোনিন ও ডোপামিন হরমোন নিঃসরণ করে। এটি মানসিক ব্যাধিগুলোকে উপশম করতে সাহায্য করে এমনকি স্মৃতিশক্তি উন্নত করতেও বেশ কার্যকরী। নিয়মিত সাঁতার মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি কমাতে সহায়তা করে। অনেকের ক্ষেত্রে এটি ঘুমের মান উন্নত করে এবং কর্মক্ষেত্রে মনোযোগ বাড়াতে সাহায্য করে।
হাড় ও পেশি শক্তিশালী করে
নিয়মিত সাঁতার হাড় ও পেশিকে শক্তিশালী করে এবং শরীরের নমনীয়তা (Flexibility) বাড়ায়। সাঁতার একটি কম-প্রভাবযুক্ত (Low-impact) ব্যায়াম। পানির ভাসমানতার কারণে জয়েন্ট ও হাড়ের ওপর চাপ কম পড়ে। ওয়াটার রেজিস্ট্যান্সের এই ফর্মটি পেশি শক্তিশালীকরণ এবং টোনিংয়ের অতিরিক্ত সুবিধা ও দেয়। এ ছাড়াও শরীরের ভারসাম্য ও সমন্বয় ক্ষমতা উন্নত করে, অতিরিক্ত চর্বি কমায় এবং পেশির গঠন আরও সুসংহত করে। এটি দৈনন্দিন কাজের সক্ষমতা বৃদ্ধি করে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। দীর্ঘদিন সক্রিয় জীবনযাপন বজায় রাখতেও সাঁতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জয়েন্টের জন্য নিরাপদ ব্যায়াম
দৌড়ানো বা ভারী ব্যায়ামের তুলনায় সাঁতার জয়েন্টের ওপর কম চাপ সৃষ্টি করে। যাদের হাঁটু, কোমর বা জয়েন্টে সমস্যা রয়েছে, তাদের জন্য সাঁতার একটি নিরাপদ ব্যায়াম হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে- সাঁতার গতির পরিসর বাড়ায়, জয়েন্টে ব্যথা কমায়, নমনীয়তা বাড়ায়, ভঙ্গি উন্নত করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। যারা আর্থ্রাইটিস এবং মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত তারাও সাঁতারের মাধ্যমে সক্রিয় জীবনযাপন বজায় রাখতে পারেন।
ওজন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সহায়ক
বর্তমানে স্থুলতা বিশ্বজুড়ে একটি বড় স্বাস্থ্যসমস্যা। সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে নিয়মিত সাঁতার ওজন কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে। সাঁতার এমন একটি ব্যায়াম, যা তুলনামূলক কম সময়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালোরি ক্ষয় করতে পারে। সাঁতারের ধরন, গতি এবং সময়ের ওপর নির্ভর করে একজন ব্যক্তি এক ঘণ্টায় কয়েকশ ক্যালোরি পর্যন্ত ব্যয় করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাঁতার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি শরীরের ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়ক এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে যাদের আগে থেকেই দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাঁতার বা ব্যায়াম করা উচিত।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাঁতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের শরীরের ভারসাম্য, সমন্বয় ক্ষমতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সাহায্য করে। প্রশিক্ষকের সাহায্যে সাঁতার শেখা ও পানিতে নিরাপদে চলাফেরার কৌশল শেখা, যা দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করে। শিশুদের জন্য সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বাংলাদেশে প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। তাই ছোটবেলা থেকেই নিরাপদ পরিবেশে ও প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাঁতার শেখানো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ হতে পারে।
প্রবীণদের জন্য নিরাপদ ব্যায়াম
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হাঁটু, কোমর কিংবা জয়েন্টের সমস্যায় ভোগে থাকেন। পানির ভাসমানতা শরীরের ওজনের চাপ কমিয়ে দেয়, ফলে প্রবীণরা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে ব্যায়াম করতে পারেন। নিয়মিত সাঁতার পেশিশক্তি ধরে রাখতে, শরীরের ভারসাম্য উন্নত করতে এবং দৈনন্দিন চলাফেরা সহজ করতে সহায়তা করতে পারে।
আত্মরক্ষার জন্য সাঁতার
সাঁতার জানা শুধু খেলাধুলা নয়, বরং আত্মরক্ষার একটি অপরিহার্য দক্ষতা। জরুরি পরিস্থিতিতে সাঁতার জানা একজন মানুষ নিজের জীবন রক্ষার পাশাপাশি অন্যকেও সহায়তা করতে পারেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর পানিতে ডুবে বহু মানুষের মৃত্যু ঘটে, যার বড় অংশই হচ্ছে শিশু। তাই সাঁতার জানা শুধু একটি ক্রীড়া দক্ষতা নয়, বরং জীবন রক্ষার গুরুত্বপূর্ণ উপায়। বিশেষ করে নদীমাতৃক দেশগুলোতে এটি জনস্বাস্থ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
নিরাপদ সাঁতারের জন্য কিছু পরামর্শ-
- প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাঁতার শিখুন।
- পরিষ্কার ও নিরাপদ সুইমিং পুল বা জলাশয় ব্যবহার করুন।
- খাওয়ার পরপরই সাঁতার না কাটাই ভালো।
- শিশুদের সব সময় প্রাপ্তবয়স্কের নজরদারিতে সাঁতার কাটতে দিন।
- অতিরিক্ত ক্লান্ত, অসুস্থ বা মাদকাসক্ত অবস্থায় পানিতে নামবেন না।
- অসুস্থতা বা বিশেষ শারীরিক সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া পানিতে নামবে না।
- গভীর পানিতে নামার আগে নিজের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হোন।
- প্রয়োজনে লাইফ জ্যাকেট বা অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করুন।
সাঁতার এমন এক জীবনদক্ষতা, যা একদিকে সুস্থতা ও আনন্দের দ্বার খুলে দেয়, অন্যদিকে সংকটের মুহূর্তে হয়ে ওঠে জীবনরক্ষার নির্ভরযোগ্য হাতিয়ার। তাই সাঁতারকে শুধু খেলাধুলার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জনসচেতনতা, শিক্ষাব্যবস্থা এবং সামাজিক উদ্যোগের অংশ হিসেবে গুরুত্ব দেওয়া জরুরি।
জলভীতি নয়, জলজ্ঞানই হোক আগামী দিনের অঙ্গীকার। কারণ একজন দক্ষ সাঁতারু শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করেন না, প্রয়োজনে অন্যের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সাঁতার চর্চা হোক সেরা অভ্যাস।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক




