logo

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। ছবি: ভিক্টিম সাপোর্ট সার্ভিসেস

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ২৫ নভেম্বর দিবসটি পালিত হয়।

বিশ্বজুড়ে নারীরা পারিবারিক সহিংসতা, শারীরিক ও যৌন নির্যাতন, হয়রানি এবং নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। এসব নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানানোই দিবসটির মূল উদ্দেশ্য।

Advertisement

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসক রাফায়েল ত্রুজিলোর বিরুদ্ধে আন্দোলনকারী তিন বোন প্যাট্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবালকে হত্যা করা হয়। তাদের স্মরণে ১৯৮১ সালে লাতিন আমেরিকার নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা শুরু করেন।

পরবর্তী সময়ে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ নারী নির্যাতন নির্মূলের বিষয়ে একটি ঘোষণা গ্রহণ করে। এরপর ২০০০ সালে ২৫ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

বিশ্বজুড়ে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে শারীরিক ও যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা ও মানসিক নির্যাতন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। এসব ঘটনার বড় একটি অংশ ঘটে ঘনিষ্ঠ সঙ্গীর মাধ্যমে।

নারীর প্রতি সহিংসতার বড় ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন জগৎ। অনলাইনে হয়রানি, অনুসরণ, ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া অশ্লীল ছবি তৈরি, হুমকি ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা বাড়ছে। এসব নির্যাতন নারীর মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক ও কর্মজীবনে গুরুতর প্রভাব ফেলছে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেকের ভূমিকা আছে। এসব প্রতিরোধে প্রয়োজন আইনের কার্যকর প্রয়োগ, নিরাপদ অভিযোগ ব্যবস্থা, ন্যায়বিচার ও সামাজিক সচেতনতা।

দিবসটি উপলক্ষে আজ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হবে; এটি ১৬ দিনের আন্তর্জাতিক কর্মসূচি। এর লক্ষ্য নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদার করা।

নারীর নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে শুধু একটি দিন না, সারা বছরই নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায় দিবসটি।