ওজন কমাতে যেভাবে পান করবেন জিরা ভেজানো পানি

ওজন কমাতে অনেকেই ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি বিভিন্ন পানীয় পান করেন। এর মধ্যে পরিচিত একটি পানীয় হলো জিরা পানি। উপকারী এই পানীয়টি ওজন কমাতে বেশ সহায়ক। নিয়মিত জিরা পানি পান করলে হজমে সহায়তা করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও বিপাকীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে শুধু জিরা পানি পান করলেই যে ওজন কমে যাবে এটা ভুল ধারণা। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি যদি আপনি এটি পান করেন, তাহলেই আপনার ওজন কমাতে সহায়তা করবে। চলুন জেনে নিই কীভাবে জিরা পানি পান করলে ওজন কমাতে সাহায্য করবে।
ওজন কমানোর প্রচেষ্টায় জিরা পানি দুইভাবে পান করতে পারেন। এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে হালকা গরম করে পান করুন।
আরেকটি পদ্ধতি হলো, এক কাপ পানিতে এক চা চামচ জিরা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এরপর পানি ঠান্ডা হলে ছেঁকে পান করুন।
লেবুর রস মিশিয়ে
সকালে খালি পেটে জিরা পানি পান করতে পারেন। চাইলে খাবারের আগেও পান করা যায়। স্বাদ বাড়াতে কয়েক ফোঁটা লেবুর রস মেশানো যেতে পারে। তবে চিনি বা মধু মেশাবেন না। লেবুর ভিটামিন সি জিরা পানিকে আরও কার্যকরী করে তুলতে পারে।
জিরা ও আদার পানি
আদায় থাকা কিছু উপাদান ওজন কমাতে সাহায্য করে। তাই জিরা ভেজানোর সময় এর সঙ্গে আদা কুচি মেশাতে পারেন। সারারাত ভিজিয়ে রেখে সকালে পান করুন।
টক দইয়ের সঙ্গে জিরা
এক চামচ জিরার গুঁড়ার সঙ্গে কিছুটা টক দই মিশিয়ে নিন। এটি নিয়মিত খেলে আপনার ওজন কমাতে সাহায্য করবে।
জিরা পানি পানের পাশাপাশি কয়েকটি বিষয় মেনে চললে ওজন নিয়ন্ত্রণ সহজ হতে পারে-
- প্রতিদিন পরিমিত পরিমাণে জিরা পানি পান করুন।
- কোমল পানীয় ও চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে জিরা পানি বেছে নিন।
- অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার ও মিষ্টি খাওয়া কমান।
- প্রতিদিন পর্যাপ্ত শাকসবজি, ফল ও প্রোটিনযুক্ত খাবার খান।
- নিয়মিত হাঁটুন বা শরীরচর্চা করুন।

