চুলার আশপাশে ভুলেও রাখবেন না যেসব জিনিস

রান্নাঘর আমাদের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি। কিন্তু একটু অসাবধানতাই এখানে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে গ্যাসের চুলার আশপাশে কিছু জিনিস রেখে দিলে আগুন লাগার ঝুঁকি অনেক বেড়ে যায়।
অনেক সময় আমরা দৈনন্দিন অভ্যাসবশত এমন কিছু জিনিস চুলার পাশে রাখি, যেগুলো মুহূর্তের মধ্যেই আগুন ধরে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। তাই নিরাপদ রান্নাঘর নিশ্চিত করতে জেনে নিন, চুলার আশপাশে কোন কোন জিনিস কখনোই রাখা উচিত নয়।
কাপড়, টাওয়াল বা ন্যাপকিন
রান্নাঘরে হাত মুছার কাপড় বা টাওয়াল খুবই প্রয়োজনীয়। তবে এগুলো গ্যাসের চুলার পাশে ঝুলিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। আগুনের শিখা বা অতিরিক্ত তাপ কাপড়ে লেগে গেলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে।
বিশেষ করে রান্নার সময় তাড়াহুড়োয় কাপড় চুলার ওপর পড়ে গেলে মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই কাপড় সবসময় নিরাপদ দূরত্বে রাখুন।
তেলের বোতল
রান্নার জন্য তেল প্রয়োজন হলেও সেটি চুলার একেবারে পাশে রাখা ঠিক নয়। অতিরিক্ত তাপে প্লাস্টিকের বোতল নরম হয়ে যেতে পারে। আবার গরম তেল আগুনের সংস্পর্শে এলে আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে।
তাই তেলের বোতল রান্নার স্ল্যাবের অন্য পাশে বা নির্দিষ্ট তাকের মধ্যে রাখাই নিরাপদ।
প্লাস্টিক ও কাগজজাত জিনিস
প্লাস্টিকের ব্যাগ, কাগজের প্যাকেট, টিস্যু বা কার্ডবোর্ড খুব সহজেই আগুন ধরে যায়। রান্নাঘরে এসব জিনিস চুলার পাশে জমিয়ে রাখলে ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।
বিশেষ করে গ্যাসের তাপ বা ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকেও বড় অগ্নিকাণ্ড হতে পারে। তাই রান্নার জায়গা যতটা সম্ভব ফাঁকা ও পরিষ্কার রাখুন।
দেশলাই ও লাইটার
অনেকেই সুবিধার জন্য চুলার পাশেই দেশলাই বা লাইটার রেখে দেন। কিন্তু এটি মোটেও নিরাপদ নয়। অতিরিক্ত গরমে লাইটার ফেটে যেতে পারে।
এ ছাড়া শিশুদের হাতের নাগালে থাকলে আরও বড় বিপদ ঘটতে পারে। তাই এগুলো সবসময় ড্রয়ার বা নিরাপদ জায়গায় রাখুন।
কাঠের সরঞ্জাম
কাঠের খুন্তি, চামচ বা চপিং বোর্ড দীর্ঘ সময় আগুনের পাশে থাকলে শুকিয়ে ফেটে যেতে পারে বা পুড়ে যেতে পারে। অনেক সময় কাঠের গায়ে থাকা তেল বা মসলা থেকেও আগুন লাগতে পারে।
ব্যবহারের পর এসব সরঞ্জাম চুলা থেকে দূরে সরিয়ে রাখুন।
মশলার কৌটো
চুলার পাশে মশলার কৌটা সাজিয়ে রাখা দেখতে সুন্দর লাগলেও এটি খুব ভালো অভ্যাস নয়। গরম ভাপ ও তাপে মশলার স্বাদ ও গুণমান নষ্ট হয়ে যায়। পাশাপাশি কৌটার গায়ে তেল ও ময়লা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়।
তাই মশলার কৌটা কিছুটা দূরে আলাদা তাক বা ক্যাবিনেটে রাখাই ভালো।
নিরাপদ রান্নাঘরের জন্য কিছু জরুরি পরামর্শ
- রান্নার সময় চুলার আশপাশ শুকনো ও পরিষ্কার রাখুন
- গ্যাস জ্বালিয়ে রান্নাঘর ফাঁকা রেখে কোথাও যাবেন না
- শিশুদের চুলার কাছ থেকে দূরে রাখুন
- রান্নাঘরে ছোট ফায়ার এক্সটিংগুইশার রাখার চেষ্টা করুন
- গ্যাস লিকের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করুন এবং জানালা খুলে দিন
রান্নাঘরের নিরাপত্তা মানেই পুরো পরিবারের নিরাপত্তা। তাই ছোট ছোট সতর্কতাই বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে। একটু সচেতন থাকলেই নিরাপদ থাকবে আপনার রান্নাঘর, নিরাপদ থাকবে পরিবারও।
সূত্র: টিভি ৯




