logo

গরমে কী খাবেন কী এড়িয়ে চলবেন, জানাচ্ছেন পুষ্টিবিদ

গরমে কী খাবেন কী এড়িয়ে চলবেন, জানাচ্ছেন পুষ্টিবিদ

প্রচণ্ড গরমে শরীরের ওপর চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তাপমাত্রা বেশি হলে শক্তি কমে যায়, হজম ধীর হয়ে যায়, আর পানিশূন্যতার ঝুঁকি বাড়ে। তাই এই সময়ে কী খাচ্ছেন, তা খুব গুরুত্বপূর্ণ।

ভারতীয় পুষ্টিবিদ সালোনি সহজ কিছু খাবার বদলানোর পরামর্শ দিয়েছেন, যা গরমে শরীরকে ঠান্ডা, হাইড্রেটেড ও সতেজ রাখতে সাহায্য করে।

নাশতা ও পানীয়: হালকা ও ঠান্ডা রাখুন

গরমের দিনে ভাজা চিনাবাদাম, মিক্সড বাদাম বা চিনাবাদামের কটকটি সাধারণত স্বাস্থ্যকর হলেও এই গরমে এসব খেলে শরীর ভারী লাগতে পারে।

এর বদলে বেছে নিতে পারেন তোকমার শরবত, ভেজানো বাদাম বা তাজা নারকেল। 

পানীয়ের ক্ষেত্রেও পরিবর্তন জরুরি। কোলা বা প্যাকেটজাত জুসের বদলে ডাবের পানি, লেবুর শরবত ও বেল শরবত পান করুন। এসব পানীয় শরীরকে ভালোভাবে হাইড্রেট করে এবং প্রয়োজনীয় ইলেকট্রোলাইট পূরণ করে।

পানি-সমৃদ্ধ ফলই সেরা

গরমে অনেকেই আম বা আনারস বেশি খান। তবে এগুলো খেলে কখনও কখনও শরীরে ভারী লাগতে পারে।

এর বদলে তরমুজ, বাঙ্গি (মাস্কমেলন), সাম্মাম বা ডালিম খান। এই ফলগুলোতে পানির পরিমাণ বেশি, তাই শরীর ঠান্ডা রাখতে ও শক্তি দিতে সাহায্য করে।

শুকনো ফল খাওয়া সীমিত রাখুন।

কিশমিশ ও খেজুর পুষ্টিকর হলেও গরমে এগুলো শরীরে তাপ বাড়াতে পারে। তাই এর পরিবর্তে ডুমুর বা মৌসুমি তাজা ফল খান। এগুলো তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য।

মসলা: ঠান্ডা রাখে এমনটাই বেছে নিন

গরমে কিছু মসলা শরীরকে আরও গরম করে তুলতে পারে। যেমন—জোয়ান, গোলমরিচ ও লবঙ্গ। এর বদলে ব্যবহার করুন মৌরি, জিরা ও ধনিয়া। এগুলো হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

গরমে সুস্থ থাকতে বড় কোনো ডায়েট পরিবর্তন দরকার নেই। শুধু কিছু ছোট, সচেতন পরিবর্তন, যেমন হালকা খাবার, বেশি পানি-সমৃদ্ধ ফল এবং প্রাকৃতিক পানীয় আপনার শরীরকে গরমের সঙ্গে সহজে মানিয়ে নিতে সাহায্য করবে।

সূত্র: এনডিটিভি