Advertisement

ফ্রিজে ইলিশ রাখার সঠিক নিয়ম জানালেন পুষ্টিবিদ

এশিয়া পোস্ট নিউজ
ফ্রিজে ইলিশ রাখার সঠিক নিয়ম জানালেন পুষ্টিবিদ

ইলিশের মৌসুম এলে অনেকেই একসঙ্গে বেশি করে মাছ কিনে ফ্রিজে রেখে দেন। পরে ধীরে ধীরে রান্না করে খাওয়া হয়। অনেকের ধারণা, ফ্রিজে রাখলেই মাছ বা মাংস দীর্ঘদিন ভালো থাকে এবং পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। সঠিক নিয়ম না মানলে খাবারের স্বাদ ও পুষ্টি দুটোই কমে যেতে পারে, এমনকি বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকিও।

এই বিষয়ে পরামর্শ দিয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চামিলি জান্নাত। তিনি জানিয়েছেন, কতদিন মাছ বা মাংস ফ্রিজে রাখা নিরাপদ এবং কীভাবে সংরক্ষণ করলে তা ভালো থাকবে।

কতদিন ফ্রিজে রাখা নিরাপদ

চামিলি জান্নাতের মতে, কাঁচা মাছ বা মাংস ফ্রিজে সাধারণত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত রাখা নিরাপদ। তবে ফ্রিজের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে হলে খাবার ভালো থাকে বেশি দিন।

তবে তিনি জানান, যত বেশি দিন ফ্রিজে রাখা হবে, ততই স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ কমতে পারে। তাই চেষ্টা করা উচিত এক মাসের মধ্যে মাছ বা মাংস খেয়ে ফেলা। এতে খাবারের স্বাদ ও পুষ্টি ভালো থাকে এবং স্বাস্থ্যঝুঁকিও কমে।

কীভাবে সংরক্ষণ করবেন

অনেকেই রান্না করা খাবার ও কাঁচা মাছ-মাংস একই জায়গায় রাখেন। এটি ঠিক নয়। কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা জরুরি। একই ফ্রিজে রাখতে হলে আলাদা তাক বা ড্রয়ার ব্যবহার করা উচিত। এতে সংক্রমণের ঝুঁকি কমে।

পরিষ্কার পাত্র ব্যবহার জরুরি

মাছ বা মাংস সংরক্ষণের আগে যে পাত্র বা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হবে, তা অবশ্যই পরিষ্কার ও শুকনো হতে হবে। ভেজা বা নোংরা পাত্রে রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

- এক পলি বা কনটেইনারে এক দিনের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু খাবার রাখুন।

- পুরো মাছ বা বড় অংশ একসঙ্গে ফ্রিজে রেখে বারবার বের করে আবার ঢোকানো ঠিক নয়। এতে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

- রান্নার জন্য কিছু অংশ বের করে পানি দিয়ে রেখে বাকি অংশ একই পলিতে ভরে আবার ফ্রিজে রাখা উচিত নয়।

সঠিক নিয়ম মেনে ফ্রিজে ইলিশ বা অন্য মাছ-মাংস সংরক্ষণ করলে খাবারের স্বাদ ও পুষ্টি বজায় থাকে। পাশাপাশি অপ্রয়োজনীয় স্বাস্থ্যঝুঁকিও এড়ানো যায়।