logo

হোটেল রুমে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

হোটেল রুমে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে
ছবি : সংগৃহীত

ভ্রমণে গিয়ে হোটেলে থাকা এখন খুব সাধারণ বিষয়। কাজের চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে মানুষ নিয়মিত বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে অনেকের মনেই হোটেল কক্ষ বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা থাকার ভয় কাজ করে।

প্রযুক্তির এই সময়ে কিছু সহজ কৌশল জানা থাকলে নিজের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা সম্ভব। এমনকি হাতের স্মার্টফোন ব্যবহার করেও সন্দেহজনক ডিভাইস শনাক্ত করা যায়। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি সহজ উপায়।

ফ্ল্যাশলাইট দিয়ে খুঁজে দেখুন

স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন কোনা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। গোপন ক্যামেরার ছোট লেন্সে আলো পড়লে অনেক সময় প্রতিফলন দেখা যায়। আয়না, টিভির পাশে, ঘড়ি, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র বা চার্জারের মতো জায়গাগুলো বিশেষভাবে পরীক্ষা করুন।

ইনফ্রারেড আলো শনাক্ত করুন

অনেক গোপন ক্যামেরায় ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়, যা সাধারণ চোখে দেখা যায় না। তবে বেশির ভাগ স্মার্টফোন ক্যামেরা এই আলো ধরতে পারে। রুমের লাইট বন্ধ করে ফোনের ক্যামেরা চালু করুন। কোথাও অস্বাভাবিক বেগুনি বা সাদা আলো দেখা গেলে সেটি সন্দেহজনক হতে পারে।

ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার করুন

বর্তমানে বিভিন্ন ধরনের হিডেন ক্যামেরা ডিটেক্টর অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ ফোনের সেন্সর ব্যবহার করে সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করার চেষ্টা করে। অ্যাপ ব্যবহারের আগে এর রিভিউ ও নির্ভরযোগ্যতা দেখে নেওয়া ভালো।

ওয়াইফাই নেটওয়ার্ক পরীক্ষা করুন

হোটেলের ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলোর তালিকা দেখুন। অপরিচিত বা অস্বাভাবিক নামের কোনো ডিভাইস চোখে পড়লে সেটি খেয়াল করুন। কারণ, অনেক স্মার্ট ক্যামেরা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়।

সন্দেহজনক জিনিস খেয়াল করুন

রুমে অস্বাভাবিকভাবে রাখা কোনো ঘড়ি, কলম, চার্জার, ফুলদানি বা ধোঁয়া শনাক্তকারী যন্ত্র থাকলে সেগুলো একটু ভালোভাবে পরীক্ষা করুন। অনেক সময় সাধারণ জিনিসের ভেতরেই ছোট ক্যামেরা লুকানো থাকে।

প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষকে জানান

কোনো কিছু সন্দেহজনক মনে হলে বিষয়টি অবহেলা না করে দ্রুত হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজন হলে অন্য কক্ষ চেয়ে নিতে পারেন। নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া