logo

জিন্স পরিষ্কার রাখবেন কীভাবে, কতদিন পরপর ধোয়া উচিত

জিন্স পরিষ্কার রাখবেন কীভাবে, কতদিন পরপর ধোয়া উচিত
ছবি : সংগৃহীত

জিন্স এমন একটি পোশাক, যা প্রায় সব বয়সি মানুষের কাছেই সমান জনপ্রিয়। আরামদায়ক, টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য হওয়ায় অনেকের দৈনন্দিন পোশাকের তালিকায় এটি থাকে। তবে জিন্স কত দিন পরপর কাচা উচিত, তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। কেউ কয়েকবার পরেই ধুয়ে ফেলেন, আবার কেউ দীর্ঘদিন ব্যবহার করেও কাচেন না।

বিশেষজ্ঞদের মতে, জিন্সের ক্ষেত্রে বারবার ধোয়া সবসময় ভালো নয়। অতিরিক্ত ধুলে ডেনিম কাপড়ের গঠন দুর্বল হতে পারে, রং দ্রুত ফিকে হয়ে যেতে পারে এবং প্যান্টের ফিটও নষ্ট হতে পারে। তাই সাধারণ পোশাকের মতো প্রতিবার ব্যবহারের পর জিন্স কাচার প্রয়োজন হয় না।

কতবার পরার পর জিন্স কাচা উচিত?

টেক্সটাইল বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে একটি জিন্স ১০ থেকে ১২ বার পরার পর ধোয়া যেতে পারে। যদি জিন্সে কোনো দাগ না লাগে এবং অতিরিক্ত ঘাম না হয়, তাহলে এর আগেই ধোয়ার প্রয়োজন নেই। এতে কাপড়ের স্থায়িত্ব বজায় থাকে এবং জিন্স দীর্ঘদিন ভালো থাকে।

আবহাওয়া ও ব্যবহারের ধরন গুরুত্বপূর্ণ

জিন্স কত ঘন ঘন ধোয়া হবে, তা অনেকটাই নির্ভর করে আবহাওয়া ও ব্যবহারের ওপর। বাংলাদেশসহ গরম ও আর্দ্র আবহাওয়ার দেশে ঘাম বেশি হলে জিন্স দ্রুত ময়লা হতে পারে। এমন পরিস্থিতিতে ৩ থেকে ৫ বার ব্যবহারের পর ধুয়ে ফেলা ভালো।

অন্যদিকে শীতকালে বা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকলে একই জিন্স আরও বেশি দিন ব্যবহার করা যেতে পারে। যদি জিন্স পরিষ্কার থাকে এবং কোনো অস্বস্তিকর গন্ধ না আসে, তাহলে তাড়াহুড়ো করে কাচার প্রয়োজন নেই।

দীর্ঘদিন না কাচলে কি জীবাণু জমে?

অনেকের ধারণা, জিন্স বেশি দিন না ধুলে এতে বিপুল পরিমাণ জীবাণু জমে যায়। তবে কয়েকটি গবেষণায় দেখা গেছে, জিন্সে ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকলেও তা সবসময় স্বাস্থ্যঝুঁকির কারণ হয় না। মানুষের ত্বক থেকেই বেশিরভাগ ব্যাকটেরিয়া আসে এবং সেগুলোর অনেকগুলোই স্বাভাবিক।

তবে জিন্স থেকে দুর্গন্ধ বের হলে, দাগ পড়ে গেলে বা দীর্ঘ সময় ব্যবহারের কারণে অস্বস্তি অনুভূত হলে অবশ্যই তা ধুয়ে নেওয়া উচিত।

জিন্স ভালো রাখার কিছু সহজ নিয়ম

জিন্স ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করা ভালো। এতে কাপড়ের রং দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে। ধোয়ার আগে জিন্স উল্টো করে নিলে রং ফিকে হওয়ার ঝুঁকি কমে। এছাড়া প্রয়োজন না হলে ড্রায়ারে না শুকিয়ে প্রাকৃতিক বাতাসে শুকানো ভালো।

জিন্সের ক্ষেত্রে প্রতিবার ব্যবহারের পর ধোয়া জরুরি নয়। বরং অতিরিক্ত ধোয়া এর আয়ু কমিয়ে দিতে পারে। ব্যবহার, আবহাওয়া এবং পরিচ্ছন্নতার অবস্থা বিবেচনা করে জিন্স কাচার সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। সঠিক যত্ন নিলে একটি ভালো মানের জিন্স দীর্ঘদিন নতুনের মতো ব্যবহার করা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস