এভাবে ভুনা খিচুড়ি রান্না করলে স্বাদ হবে দিগুণ

বৃষ্টি কিংবা ছুটির দিনে দুপুরের খাবারে গরম গরম ভুনা খিচুড়ি হলে মন্দ হয় না। পোলাও চাল, মুগ ও মসুর ডাল, আলু আর সুগন্ধি মসলার সমন্বয়ে সহজেই তৈরি করা যায় গরুর মাংসের ভুনা খিচুড়ি। সঙ্গে ডিম ভাজা ও আচার থাকলে খাবারের স্বাদ আরও বাড়বে।
চলুন, জেনে নেওয়া যাক রান্নার পদ্ধতি:
যেসব উপকরণ লাগবে
- পোলাও চাল ২ কাপ
- মুগ ডাল আধা কাপ
- মসুর ডাল আধা কাপ
- তেল অথবা ঘি আধা কাপ
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া ১ চা চামচ
- তেজপাতা ২টি
- দারচিনি ২ টুকরা
- এলাচ ৩-৪টি
- লবঙ্গ ৩-৪টি
- আলু ২ টুকরা
- গরম পানি ৪ কাপ
- আগে থেকে রান্না করা গরুর মাংস
- সামান্য লবণ ও ঘি
যেভাবে রান্না করবেন
প্রথমে শুকনা কড়াইয়ে আধা কাপ মুগ ডাল নিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ডাল থেকে সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর পোলাও চাল, মসুর ডাল ও ভাজা মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
এবার হাঁড়িতে তেল বা ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে সোনালি করে ভেজে নিন।
পেঁয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা কষাতে থাকুন। দুই থেকে তিন মিনিট পর মসলা থেকে তেল বেরিয়ে এলে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিন। মসলার সঙ্গে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিন।
এরপর চার কাপ গরম পানি ও টুকরা করা দুটি আলু দিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করুন। অল্প আঁচে ২০-২৫ মিনিট রান্না হতে দিন।
খিচুড়ি প্রায় হয়ে এলে আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস মিশিয়ে দিন। সবশেষে সামান্য ঘি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল গরম গরম গরুর মাংসের ভুনা খিচুড়ি। ডিম ভাজা ও পছন্দের আচার দিয়ে পরিবেশন করুন।




