প্রতিদিন পেস্তা বাদাম খেলে শরীরে আসবে যে পরিবর্তন

পেস্তা বাদাম পুষ্টিগুণসমৃদ্ধ সুস্বাদু একটি খাবার। এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি৬, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। নিয়মিত পরিমিত পরিমাণে পেস্তা বাদাম খেলে হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমের উন্নতি ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।
চলুন জেনে নিই পেস্তা বাদামের ১০টি স্বাস্থ্য উপকারিতা।
খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে
পেস্তা বাদামে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। এই স্বাস্থ্যকর ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি ভালো কোলেস্টেরল বা এইচডিএলের মাত্রা বাড়াতেও ভূমিকা রাখতে পারে। ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
পেস্তা বাদামের গ্লাইসেমিক ইনডেক্স কম। এতে থাকা ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট খাবার খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়া কমাতে সহায়তা করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে পেস্তা বাদাম রাখতে পারেন।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
পেস্তা বাদামে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। স্ন্যাকস হিসেবে বিস্কুট, চিপস বা মিষ্টিজাতীয় খাবারের পরিবর্তে পেস্তা বাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখে
পেস্তা বাদামে থাকা ফাইবার ও ফেনোলিক যৌগ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে কাজ করে। বিশেষ করে ল্যাকটোব্যাসিলাস ও বিফিডোব্যাকটেরিয়াসহ উপকারী অণুজীবের বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এভাবে হজমের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রাখতে ভূমিকা রাখে।
চোখের স্বাস্থ্য ভালো রাখে
চোখের স্বাস্থ্যও ভালো রাখে পেস্তা বাদাম। পেস্তা বাদামে লুটেইন ও জিয়াজ্যানথিন নামের দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস
প্রতি ১০০ গ্রাম পেস্তা বাদামে প্রায় ২০ গ্রাম প্রোটিন পাওয়া যায়। শরীরের কোষ ও টিস্যু মেরামত, পেশির গঠন ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রোটিন প্রয়োজন। যারা প্রাণিজ খাবার কম খান বা নিরামিষভোজী, তাদের জন্য পেস্তা বাদাম প্রোটিনের ভালো উৎস হতে পারে।
রক্তচাপ ও পেশির কার্যক্রমে সহায়তা করে
পেস্তা বাদামে ভিটামিন বি৬, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে। ভিটামিন বি৬ স্নায়ুতন্ত্র ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। অন্যদিকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস
পেস্তা বাদামে পলিফেনল, টোকোফেরল ও ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এগুলো শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। পাশাপাশি অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে।
রক্তনালির সুস্থতা বজায় রাখে
পেস্তা রক্তনালীর এন্ডোথেলিয়ামের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। পেস্তা বাদামে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। এটি স্বাভাবিক রক্তচাপ বজায় রাখার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
অস্বাস্থ্যকর নাশতার ভালো বিকল্প
বিস্কুট, চিপস ও অতিরিক্ত চিনিযুক্ত খাবারের পরিবর্তে পেস্তা বাদাম খাওয়া খুবই ভালো। এতে শরীর প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট পায়। পেস্তা বাদাম খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দিতে পারে।
প্রতিদিন কতটুকু পেস্তা বাদাম খাওয়া উচিত?
প্রতিদিন প্রায় ৩০ গ্রাম পেস্তা বাদাম খাওয়া যেতে পারে। পরিমাণটি খোসা ছাড়ানো প্রায় ৪৫ থেকে ৫০টি পেস্তা বাদামের সমান। সকালের নাশতা, দই, সালাদ বা বিকেলের নাশতা হিসেবে এটি খেতে পারেন। পেস্তা বাদামে ক্যালরি আছে, তাই অতিরিক্ত খাওয়া উচিত না।


