সুস্থ লিভার চান, সকালের রুটিনে রাখুন এই অভ্যাসগুলো

লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্থ দূর করা, পুষ্টি প্রক্রিয়াজাত করা এবং বিপাকক্রিয়া নিয়ন্ত্রণসহ শত শত গুরুত্বপূর্ণ কাজ করে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে লিভারের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করতে পারে।
অনেকেই মনে করেন লিভারকে সুস্থ রাখতে শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ।
সকালে ব্যায়াম লিভারের জন্য কেন উপকারী
সকালের ব্যায়াম শুধু ওজন নিয়ন্ত্রণ বা শরীর ফিট রাখার জন্য নয়, লিভারের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে।
ব্যায়াম রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ আরও কার্যকরভাবে কাজ করতে পারে। নিয়মিত শারীরিক কার্যকলাপ শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে।
ব্যায়ামের সময় ঘামের মাধ্যমে শরীর থেকে কিছু বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। পাশাপাশি ব্যায়ামের পর সাধারণত তৃষ্ণা বাড়ে, ফলে মানুষ বেশি পানি পান করে, যা শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করে।
এ ছাড়া নিয়মিত ব্যায়াম অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং শরীরের প্রদাহ কমাতেও সহায়ক হতে পারে।
সকালে পর্যাপ্ত পানি পান কেন জরুরি
মানবদেহের বড় একটি অংশই পানি দিয়ে গঠিত। তাই শরীরের প্রতিটি অঙ্গের মতো লিভারের স্বাভাবিক কাজের জন্যও পর্যাপ্ত পানি প্রয়োজন।
ঘুম থেকে ওঠার পর পানি পান করলে হজমপ্রক্রিয়া সক্রিয় হতে শুরু করে। পাশাপাশি শরীরের বর্জ্য পদার্থ বের করে দিতে কিডনি ও অন্যান্য অঙ্গকে সহায়তা করে।
বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে শরীরে কিছু বর্জ্য উপাদান জমতে পারে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এমনকি দীর্ঘস্থায়ী পানিশূন্যতা পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে।
পানি পান করার সময়ও গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে, খাবারের মধ্যবর্তী সময়ে এবং সন্ধ্যার আগে পর্যাপ্ত পানি পান করা উপকারী। তবে রাতে ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত পানি পান না করাই ভালো।
সকালে যেসব খাবার লিভারের জন্য ভালো
লিভার সুস্থ রাখতে সুষম খাদ্যের বিকল্প নেই।
প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল ও শাকসবজি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। যারা সালাদ খেতে পছন্দ করেন না, তারা সবজি ভাপিয়ে বা অন্যান্য স্বাস্থ্যকর উপায়ে রান্না করে খেতে পারেন।
পরিশোধিত শর্করার পরিবর্তে পূর্ণ শস্যজাতীয় খাবার যেমন গম, মিলেট বা অন্যান্য আঁশসমৃদ্ধ খাদ্য গ্রহণও উপকারী হতে পারে।
ফল ও শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, এসব উপাদান লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে।
আঁশসমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
ধ্যান ও যোগব্যায়ামও হতে পারে উপকারী
সকালের রুটিনে ধ্যান বা যোগব্যায়াম যুক্ত করলে মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ বেড়ে গেলে শরীরে কর্টিসল নামের হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
ধ্যান ও যোগব্যায়াম শরীরকে শিথিল করতে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং ঘুমের মান উন্নত করতে সহায়ক হতে পারে। ভালো ঘুমও লিভারের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনের শুরু হোক স্বাস্থ্যকর অভ্যাসে
লিভারকে সুস্থ রাখতে কোনো জাদুকরী পানীয় বা বিশেষ ডিটক্স পদ্ধতির প্রয়োজন নেই। বরং নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমের মতো সহজ অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকার দিতে পারে।
দিনের শুরুটা যদি স্বাস্থ্যকরভাবে করা যায়, তাহলে শুধু লিভার নয়, পুরো শরীরই এর সুফল পেতে পারে।
সূত্র: কিমস সানশাইন



