সম্পর্ক ভাঙার পর প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে

সম্পর্ক ভাঙা জীবনের সবচেয়ে কঠিন মানসিক অভিজ্ঞতাগুলোর একটি। যিনি একসময় প্রতিদিনের অভ্যাস, অনুভূতি আর চিন্তার অংশ ছিলেন, তাকে হঠাৎ করে ভুলে যাওয়া সহজ নয়। অনেকেই প্রশ্ন করেন, ব্রেকআপের পর আসলে প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে। মনোবিজ্ঞান ও গবেষণা এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
প্রেম শুধু আবেগ নয়, এটি মস্তিষ্কের রসায়নের সঙ্গেও গভীরভাবে জড়িত। খ্যাতনামা অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশারের গবেষণায় দেখা গেছে, প্রেমের সময় মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এতে ডোপামিন, অক্সিটোসিন এবং নরএপিনেফ্রিনের মতো নিউরোকেমিক্যাল নিঃসৃত হয়, যা আনন্দ, আসক্তি এবং শক্তিশালী আবেগ তৈরি করে।
এ কারণেই সম্পর্ক ভেঙে গেলে শুধু মানসিক কষ্ট নয়, শারীরিকভাবে এক ধরনের অভাব বা উইথড্রয়াল ফিলিং তৈরি হয়। অনেক ক্ষেত্রে এটি ধীরে ধীরে কমে, ঠিক যেমন কোনো আসক্তি থেকে সরে আসার সময় ঘটে।
মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, ব্রেকআপের পর অনুভূতির তীব্রতা এক দিনে বা কয়েক সপ্তাহে পুরোপুরি কমে যায় না। Social Psychological and Personality Science সাময়িকীর একটি সমীক্ষা অনুযায়ী, প্রাক্তনের প্রতি আবেগজনিত সংযোগ প্রায় ৫০ শতাংশ কমতে গড়ে সময় লাগে প্রায় ৪ বছর।
আর পুরোপুরি আবেগগতভাবে বিচ্ছিন্ন হতে সময় লাগতে পারে প্রায় ৮ বছর পর্যন্ত। তবে এটি কোনো কঠোর নিয়ম নয়। ব্যক্তি, সম্পর্কের গভীরতা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময় কম বা বেশি হতে পারে।
বিশেষ করে দীর্ঘদিনের সম্পর্ক, গভীর আবেগ বা একসঙ্গে থাকা অভ্যাস থাকলে ভুলতে বেশি সময় লাগে। আবার যেসব ক্ষেত্রে সম্পর্ক তুলনামূলক ছোট বা কম আবেগঘন ছিল, সেখানে দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব হয়।
মনোবিজ্ঞানীরা বলেন, প্রাক্তনকে ভুলে যাওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে। সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখা, নিজের রুটিনে ফিরে আসা, নতুন অভিজ্ঞতা তৈরি করা এবং সময়কে কাজ করতে দেওয়া এই প্রক্রিয়াকে সহজ করে।
নতুন সম্পর্ক শুরু করা বা নিজেকে ব্যস্ত রাখা অনেক সময় মানসিক পুনর্গঠনে সাহায্য করে। তবে মূল বিষয় হলো আবেগকে অস্বীকার না করে তা গ্রহণ করে ধীরে ধীরে সামনে এগোনো।
ব্রেকআপের পর প্রাক্তনকে ভুলে যাওয়া কোনো নির্দিষ্ট সময়ের সমীকরণ নয়। কারও জন্য এটি দ্রুত হয়, কারও জন্য দীর্ঘ সময় লাগে। তবে গবেষণা বলছে, সময়ের সঙ্গে সঙ্গে আবেগের তীব্রতা কমে আসে এবং মানুষ ধীরে ধীরে মানিয়ে নিতে শেখে।
সূত্র: নিউজ ১৮