শীত আসতে না আসতেই ঠোঁট ফাটা শুরু, যত্ন নিবেন যেভাবে

চারদিকে শীতের আমেজ। সেই সঙ্গে আমাদের ত্বকও জানান দিচ্ছে শীতকাল চলে এসেছে। শীতের ঠান্ডা বাতাস ও আর্দ্রতা কমে যাওয়ার কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায়। অনেক সময় ঠোঁট ফেটে যায় ও চামড়া উঠে যায়।
ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা হয়। তাই শীতের শুষ্ক বাতাসে সহজেই ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ঘরের ভেতরে হিটার ব্যবহারের কারণেও ঠোঁট আরও বেশি শুষ্ক হতে পারে। তাই শীতকালে ত্বকের পাশাপাশি ঠোঁটের জন্যও বাড়তি যত্নের প্রয়োজন হয়।
প্রতিদিনের কিছু যত্নের মাধ্যমে শীতেও ঠোঁট নরম ও মসৃণ রাখতে পারেন।
ঠোঁটের মৃত কোষ পরিষ্কার করুন
ঠোঁটে মৃত কোষ জমে গেলে ঠোঁট রুক্ষ ও খসখসে হয়ে যায়। এ সমস্যা কমাতে সপ্তাহে এক থেকে দুই দিন মৃদুভাবে ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। এ জন্য চিনি ও মধু দিয়ে ঘরেই স্ক্রাব তৈরি করুন। তবে ঠোঁট বেশি ঘষবেন না। এতে জ্বালাপোড়া বা ক্ষত তৈরি হতে পারে।
কিন্তু ঠোঁট আগে থেকেই ফাটা থাকলে স্ক্রাব ব্যবহার না করাই ভালো। ঠোঁট শুকিয়ে গিয়ে চামড়া উঠলেও দাঁত দিয়ে চামড়া তুলে ফেলার অভ্যাস ত্যাগ করুন।
সঠিক লিপ বাম বেছে নিন
ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা এড়াতে সব সময় সঙ্গে লিপ বাম রাখুন। পেট্রোলাটাম বা বীজওয়াক্সযুক্ত লিপ বাম বেছে নিতে পারেন। এসব উপাদান ঠোঁটের উপর সুরক্ষামূলক স্তর তৈরি করে। আর্দ্রতা ধরে রাখতে ও বাইরের শুষ্ক বাতাস থেকে ঠোঁটকে রক্ষা করতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান করুন
শীতের মৌসুমে তৃষ্ণা লাগে না বা কম লাগে বলে পানি কম খাওয়া হয়। ফলে শরীর হারায় তার স্বাভাবিক আদ্রতা। তাই বেশি করে পানি খেয়ে শরীর আর্দ্র রাখতে হবে।
বারবার ঠোঁট চাটবেন না
ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেন। কিন্তু এতে ঠোঁটের শুষ্কতা আরও বেড়ে যায়।
লালা দ্রুত শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতাও কমিয়ে দেয়। তাই ঠোঁট চাটার অভ্যাস বাদ দিন। এর পরিবর্তে ভালো মানের লিপ বাম ব্যবহার করুন। এগুলো ঠোঁটে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
ঠান্ডা বাতাস থেকে ঠোঁট রক্ষা করুন
শীতের শুষ্ক বাতাস ঠোঁট ফাটার অন্যতম কারণ। তাই বাইরে বের হওয়ার সময় স্কার্ফ বা মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখুন। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁট রক্ষা করতে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করুন।
এসবের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ভিটামিন সি আছে এমন খাবার বেশি করে খান। প্রতিদিনের খাবারে কমলালেবু, পাতিলেবু, গাজরের মতো ফল-সবজি রাখুন।

