logo

কথা হোক, দূরত্ব কমুক: আজ বিশ্ব ‘হ্যালো’ দিবস

কথা হোক, দূরত্ব কমুক: আজ বিশ্ব ‘হ্যালো’ দিবস
আজ বিশ্ব ‘হ্যালো’ দিবস। ছবি: ভেকটিজি

‘হ্যালো’ শব্দ দিয়েই শুরু হতে পারে সুন্দর একটি কথোপকথন। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। পাশাপাশি বসে থেকেও কথা বলা হয় না।

এভাবে মানুষে মানুষে দূরত্ব বেড়ে যাচ্ছে। এই দূরত্ব ঘোচাতে এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর ২১ নভেম্বর পালিত হয় ‘বিশ্ব হ্যালো দিবস’।

Advertisement

যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। একটি ছোট্ট হ্যালো বা কুশল বিনিময়ের মাধ্যমে যেমন নতুন সম্পর্কের সূচনা হতে পারে, তেমনি দূরত্ব কমতে পারে পুরোনো সম্পর্কেরও।

১৯৭৩ সালে ব্রায়ান ম্যাককরম্যাক ও মাইকেল ম্যাককরম্যাক নামে দুই ভাই বিশ্ব হ্যালো দিবসের সূচনা করেন। মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুদ্ধের প্রেক্ষাপটে তারা মনে করতেন, সহিংসতার পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব।

বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই দিবসের মূল উদ্দেশ্য। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়।

বিশ্ব হ্যালো দিবস পালনের নিয়মটি খুব সুন্দর ও মজার। এই দিনে অন্তত ১০ জন মানুষকে আন্তরিকভাবে ‘হ্যালো’ বা শুভেচ্ছা জানাতে পারেন।

পরিচিত-অপরিচিত মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা, পুরোনো বন্ধুর খোঁজ নেওয়া বা দীর্ঘদিন কথা না হওয়া কারও সঙ্গে একটি ‘হ্যালো’ দিয়েই যোগাযোগ শুরু করতে পারেন।

এ ছাড়া কারও সঙ্গে মনোমালিন্য থাকলেও সম্পর্ক ঠিক করে নিতে পারেন। প্রয়োজনে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করাও হতে পারে সম্পর্ক জোড়া লাগানোর প্রথম পদক্ষেপ।

আজকের দিনটিতে আপনিও হতে পারেন এই ইতিবাচক চর্চার অংশ। অফিসের দারোয়ান, রিকশাচালক, লোকাল বাস বা লিফটের সহযাত্রী অথবা দীর্ঘদিন কথা হয় না, এমন কাউকে ‘হ্যালো’ বলে কুশল বিনিময় করতে পারেন। আপনার এই ছোট্ট কাজটিই কারও দিনটিকে সুন্দর করে দিতে পারে।