logo

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, আটক শতাধিক

ইন্ডিয়ান এক্সপ্রেস
ইন্ডিয়ান এক্সপ্রেস
দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ, আটক শতাধিক
দিল্লিতে আয়োজিত বিক্ষোভে ভারতের পতাকা হাতে হাজির হন আন্দোলনকারীরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ পুলিশি বাধার মুখে পড়েছে। নির্বাচন কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) মধ্য দিল্লিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

নাগরিক সমাজের সংগঠন ‘পিপল এগেইনস্ট এসআইআর’-এর দিল্লি সমন্বয় কমিটি এ মিছিলের ডাক দেয়। বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা ও এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে ব্যানার নিয়ে মিছিলে যোগ দেন। গোল ডাকখানার কাছ থেকে মিছিলটি শুরু হয়। এ স্থানটি কালীবাড়ি মার্গ ও ভাই বীর সিং মার্গের সংযোগস্থলে অবস্থিত।

নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে যাওয়ার আগে গোল ডাকখানায় প্রায় ১০০ থেকে ১৫০ জন জড়ো হয়েছিলেন। নির্বাচনে কারচুপির প্রতিবাদে পিপল এগেইনস্ট এসআইআর ও সংযুক্ত কিষান মোর্চাসহ (এসকেএম) বিভিন্ন সংগঠনের দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ও স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়াসহ (এসএফআই) বিভিন্ন সংগঠনেরও দুপুর ১টায় নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে মিছিল করার কথা ছিল। গুরুদ্বার বাংলা সাহেব, গোল ডাকখানা ও গোল মার্কেট থেকে এসব মিছিল বের হওয়ার কথা ছিল।

পিপল এগেইনস্ট এসআইআর ছাত্র, কৃষক ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত একটি নাগরিক সমাজের সংগঠন। সংগঠনটির দাবি, তাদের এই প্রচারাভিযানে ৩০০টির বেশি সংগঠন যুক্ত হয়েছে।

এদিকে বিক্ষোভ ঘিরে মধ্য দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক দিল্লি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে।