মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। দেশগুলো হলো- ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ছয়টি দেশই এখনো তাদের সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ তালিকায় রয়েছে। এই সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
পোস্টে বলা হয়, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’
এদিকে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।
উল্লেখ্য, ‘লেভেল-৪’ সতর্কতা যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

