
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষে ৫৬টি আসন পেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির জোট। গাদি আইনজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৯ ও আরব-নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৬টি আসন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে হালনাগাদ রিপোর্টে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ৭টা ৪৩ মিনিট নাগাদ প্রায় ৫৫.৪ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুপন্থি জোট পেয়েছে ৫৬টি আসন। বিরোধী গাদি আইজেনকোটের জোট পেয়েছে ৪৯টি আসন এবং আরব-নেতৃত্বাধীন দলগুলোকে পেয়েছে ১৬টি আসন।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ। ২০.৭ শতাংশ ভোট পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবার চেয়ে এগিয়ে রয়েছে। ১৬.৭ শতাংশ ভোট নিয়ে আইজেনকোটের ‘ইয়াশার’ পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৯ শতাংশ ভোট নিয়ে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট তৃতীয় অবস্থানে রয়েছে।
এদিকে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠনের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধ্যকতায় আটকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে পর্যাপ্ত আসন নিয়ে সরকার গঠন করতে সাত দিন সময় পাবে। এবং সবোর্চ্চ ২৮ দিন পাবে। যদিও এতেও সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় সরকার গঠনের ঘোষণা
সম্ভাব্য অচলাবস্থার শঙ্কার মধ্যে ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তার নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।
আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’
গতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার পরিচালনা করা হবে না।
নেসেটের এবারের নির্বাচনে ইসরায়েলি আরবেরা অভাবনীয় ফলাফল অর্জন করেছে। দেশটির প্রধান দুটি রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরবর্তী সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আরবেরা।
এদিকে ফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকট। তিনি জনগণকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’
নেতানিয়াহুকে মানুষের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে।
এ সময় সরকার গঠনের প্রত্যয়ের কথা জানিয়ে আইজেনকট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।



