logo

সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান অ্যাবার কাওয়াস। ছবি: রোয়া নিউজ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান অ্যাবার কাওয়াস। এর মধ্য দিয়ে নিউইয়র্কের আইনসভায় দায়িত্ব পালনকারী প্রথম ফিলিস্তিনি আমেরিকান ও প্রথম হিজাব পরিহিত নারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস অনুযায়ী, ৯০ শতাংশ ভোট গণনা শেষে রিপাবলিকান প্রার্থী হান খন টোর বিরুদ্ধে প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কাওয়াস। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে তার বিজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’

মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি অভিবাসী দম্পতির ঘরে নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠেন কাওয়াস। ১৫ বছরের বেশি সময় ধরে তিনি অভিবাসীদের অধিকার, শ্রমিক অধিকার ও নাগরিক অধিকার নিয়ে সংগঠক হিসেবে কাজ করেছেন।

‘মর্যাদার জন্য তহবিল দিন, ধ্বংসের বিরুদ্ধে লড়ুন’ স্লোগান নিয়ে নির্বাচনী প্রচার চালান তিনি। তার নির্বাচনী কর্মসূচিতে ছিল সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাড়িভাড়া স্থিতিশীল রাখা, গণপরিবহনে বরাদ্দ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অভিবাসী সম্প্রদায়ের সুরক্ষা জোরদার করা।

বিশেষ করে কঠোর ফেডারেল নীতির মুখে থাকা অভিবাসী পরিবারগুলোর সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাওয়াস।

তার এই বিজয়ের মধ্য দিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী চক্রের সমাপ্তি হলো। জুনে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে কঠিন লড়াইয়ের পর জয়ী হয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবারের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পান।

২০২৭ সালে অঙ্গরাজ্যের রাজধানী আরবেনিতে আইনসভার নতুন সদস্যদের সঙ্গে শপথ নেবেন কাওয়াস। দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচিত ফিলিস্তিনি আমেরিকান প্রতিনিধিদের ছোট তালিকায় যুক্ত হবেন তিনি।