গবেষণায় চুরির অভিযোগ, ক্যামব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু

বিবিসি
গবেষণায় চুরির অভিযোগ, ক্যামব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু
২০১২ সালে লন্ডনে অলিম্পিকের মশাল বহন করেছিলেন জেসন আরডে। ছবি: সংগৃহীত

গবেষণায় চুরির (প্লেজারিজম) অভিযোগ ও তার একাডেমিক অর্জন নিয়ে বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করা জেসন আরডে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪১ বছর।

Advertisement

শুক্রবার বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসির একটি ঠিকানা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জরুরি সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তার মৃত্যু অপ্রত্যাশিত হলেও সন্দেহজনক বলে মনে করা হচ্ছে না।

আরডে সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ উঠেছিল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন এবং তার গবেষণাকাজে কিছু ভুল থাকার কথা স্বীকার করেছিলেন।

আরডের পরিবার এক বিবৃতিতে বলেছে, তাকে হারিয়ে তারা ‘হতবাক’। পরিবারের ভাষ্য, তাকে ঘিরে ভুল তথ্য ছড়ানোর প্রচারণা তার ওপর ব্যাপক চাপ তৈরি করেছিল। তিনি ছিলেন ‘কোমল স্বভাবের মানুষ’ এবং সবসময় অন্যদের ভালো দিকটি দেখতে চাইতেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডেবোরা প্রেন্টিস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আরডের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী লুসি পাওয়েলও তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হওয়ার কথা বলেছেন।

প্লেজারিজম নিয়ে বিতর্ক

আরডেকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ক্যামব্রিজের সাবেক এক একাডেমিক নাথান কোফনাসের অভিযোগের পর। কোফনাস দাবি করেছিলেন, আরডের বিভিন্ন গবেষণাকাজে প্লেজারিজমের একাধিক ঘটনা রয়েছে।

আরডে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন। তার ভাষ্য, একাডেমিক জীবনের শুরুর দিকের কিছু ভুল তার অটিজমের কারণে হয়েছিল। তথ্য বোঝার জন্য তিনি অনুকরণের ওপর নির্ভর করতেন বলেও জানান তিনি।

লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আরডে ২০১৫ সালে পিএইচডি অর্জন করেন, তার গবেষণাপত্র নিয়ে তদন্ত করে প্লেজারিজমের প্রমাণ পায়নি। তবে তার নিয়োগ নিয়ে সম্প্রতি স্বাধীন তদন্তের ঘোষণা দেয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

পদত্যাগের সময় আরডে বলেছিলেন, তাকে ঘিরে চলা সমালোচনা ও অভিযোগ তার ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন, ‘নিরলস অভিযোগ, জল্পনা ও জনসমক্ষে মন্তব্য আমার এবং আমার প্রিয়জনদের ওপর গভীর প্রভাব ফেলেছে।’

তিনি আরও বলেছিলেন, তার পদত্যাগকে তাকে ঘিরে ওঠা অভিযোগ মেনে নেওয়া হিসেবে দেখা উচিত হবে না।

ক্যামব্রিজের সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক

২০২৩ সালে ৩৭ বছর বয়সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিয়োগ পান আরডে। তখন তাকে বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

অধ্যাপক হওয়ার আগে তিনি শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করেন। পরে লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করে ডারহাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর খবর পেয়ে ডারহাম বিশ্ববিদ্যালয় তাকে ‘দয়ালু ও উষ্ণ হৃদয়ের মানুষ’ হিসেবে স্মরণ করেছে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ও তার আগের একাডেমিক কাজ পর্যালোচনার ঘোষণা দিয়েছে।

আরডের আত্মজীবনী ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ যুক্তরাজ্যে ২৭ আগস্ট প্রকাশের কথা ছিল। বইটিতে শৈশবের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অধ্যাপক হয়ে ওঠার গল্প তুলে ধরেছেন তিনি। বইটি যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে।

গবেষণায় চুরির অভিযোগ, ক্যামব্রিজের সেই অধ্যাপকের মৃত্যু