আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার আগে পাইলটের শেষ বার্তা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ৯ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের শেষ মুহূর্তের আতঙ্কিত বার্তা ধরা পড়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামতে থাকা উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার আগে পাইলট রেডিওতে বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’ দুর্ঘটনায় উড়োজাহাজের ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পাম বিচ কাউন্টির গ্রিনএকরস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাহামার উদ্দেশে যাত্রা করা লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি একটি ব্যস্ত সড়কের পাশে আবাসিক এলাকার কাছাকাছি আছড়ে পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তার জন্য একটি দল পাঠাচ্ছে এফএএ।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের অডিও রেকর্ডিং ও ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্ব দিকে যাওয়ার সময় উড়োজাহাজটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। এ সময় পাইলটরা প্রচণ্ড ঝাঁকুনি, বৃষ্টিপাত ও উড়োজাহাজে বরফ জমার কথা জানান। পরিস্থিতি মোকাবিলায় আরও ২ হাজার ফুট ওপরে ওঠার অনুমতিও চান তাঁরা।
লাইলএটিসি ডট নেটে সংরক্ষিত অডিও রেকর্ডিংয়ে এক পাইলটকে বলতে শোনা যায়, ‘আমাদের উড়োজাহাজে কিছুটা স্বচ্ছ বরফ জমছে, যা নিয়ন্ত্রণযোগ্য এবং মাঝারি ধরনের ঝাঁকুনি হচ্ছে।’
তবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি আশঙ্কাজনক হারে উচ্চতা হারাতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রথমে প্রতি মিনিটে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং শেষ পর্যায়ে প্রতি মিনিটে ৩০ হাজার ফুট গতিতে নিচে নামতে থাকে উড়োজাহাজটি।
এ সময় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিপদসংকেত পাঠান। রেডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা ৮ হাজার ফুট নিচে নেমে যাচ্ছি; মেডে, মেডে (বিপদসংকেত), আমরা প্রতি মিনিটে ১০ হাজার ফুট নিচে নামছি।’
এরপর পাইলট জানান, উড়োজাহাজটির গতি বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এটি প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছে। একপর্যায়ে তিনি বলেন, ‘আমরা মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হতে যাচ্ছি।’ ভূমিতে আঘাত হানার ঠিক আগে উড়োজাহাজটি মারাত্মকভাবে ডান দিকে হেলে পড়েছিল।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, উড়োজাহাজের আরোহীদের বাইরে ভূমিতে থাকা অন্য কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি বলেন, ‘মনে হচ্ছিল, আকাশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র নেমে আসছিল।’ দুর্ঘটনায় সড়কের পাশে বড় একটি গর্ত তৈরি হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার সময় ওই অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অতিবৃষ্টির কারণে জাতীয় আবহাওয়া পরিষদ সোমবার বিকেল পর্যন্ত বন্যা সতর্কতা জারি রেখেছিল।
অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানিয়েছেন, উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন ছিল। তবে এতে কারা আরোহী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।
এদিকে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ। পাশের একটি মোবাইল হোম এলাকায় বসবাসরত এসব বাসিন্দাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের পাশের সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাম বিচ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গ্রিনএকরস এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রায় ৪৫ হাজার মানুষের বসবাসের এই শহরটি ওয়েস্ট পাম বিচ থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
