logo

ফ্রান্সের ৭০০ সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ফ্রান্সের ৭০০ সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে দেশটির প্রায় ৭০০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়। ছবি: এএফপি

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেটর নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। তিনি বলেছেন, এ ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ ও ইউরোপীয় নিষেধাজ্ঞার পাশাপাশি অন্য সব ধরনের পদক্ষেপও বিবেচনায় রেখেছে প্যারিস।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্রান্সইনফো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বারো এসব কথা বলেন। তিনি জানান, হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স।

বারো বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কিছু পদক্ষেপ প্রকাশ্যে ঘোষণা না করার সম্ভাবনাও রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। এতে দেশটির প্রায় ৭০০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়। হ্যাকাররা দূর থেকে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ পচনশীল খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।

ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে অভিযোগ

ফ্রান্সের তদন্তকারী কর্তৃপক্ষের দাবি, এ সাইবার হামলার পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট শাহিদ কাভেহ নামের একটি সাইবার ইউনিট জড়িত।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো সোমবার জানান, তদন্তের ভিত্তিতে হামলার জন্য ইরানকে দায়ী করার মতো তথ্য পাওয়া গেছে। প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তরও এ ঘটনায় তদন্ত শুরু করেছে। হামলায় জড়িত সন্দেহে ওই সাইবার ইউনিটের প্রধান ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষের মতে, সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থা লক্ষ্য করে পরিচালিত এ হামলা দেশটির গুরুত্বপূর্ণ স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত।

বারো বলেন, ইরানের রাষ্ট্রদূতকে তলব এবং ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের মধ্যেই ফ্রান্সের প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রয়োজন অনুযায়ী প্রকাশ্য ও গোপন; উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

তার ভাষায়, ইরান বা অন্য কোনো দেশ যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সেটিই ফ্রান্সের পদক্ষেপের অন্যতম লক্ষ্য।

এদিকে ইউরোপের আরও কয়েকটি দেশে সুপারমার্কেটের হিমায়ন ও রেফ্রিজারেশন ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলার খবর পাওয়া গেছে। ফলে বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

ফ্রান্সের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক স্বার্থে এ ধরনের সাইবার হামলা মোকাবিলায় জাতীয় পর্যায়ের পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের নিয়েও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট