বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দিল সৌদি

এশিয়া পোস্ট নিউজ
বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দিল সৌদি
সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের উদ্যোগে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে গঠিত বহুজাতিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট গঠন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে বহুজাতিক এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, জোট গঠনের এক সপ্তাহ পর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে এ জোটের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, আল-শেহরি যৌথ নৌ-প্রতিরক্ষা কার্যক্রম তদারকি করবেন, সদস্য দেশ ও অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় করবেন এবং জোটের সনদ অনুযায়ী বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ৩০ জুলাই বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে। এরমধ্যে কেউ কেউ ইতোমধ্যে যৌথ ঘোষণাপত্রে সই করেছে, আবার কেউ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেওয়ার আগে ঘোষণাপত্র ও সনদে সইয়ের প্রস্তুতি নিচ্ছে।

সৌদি এই মন্ত্রণালয় জোটটিকে ‘উন্মুক্ত আন্তর্জাতিক জোট’ হিসেবে উল্লেখ করে বলেছে, যেসব দেশ এর লক্ষ্য ও নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। নতুন সদস্যপদের আবেদনও নিয়মিত পাওয়া যাচ্ছে।

আলজাজিরা বলছে, আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং আরও দেশকে এতে যুক্ত করার পথ তৈরি করা হবে।

জোট গঠনকারী ১৪ দেশ জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখাই এই জোটের মূল লক্ষ্য। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য (বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার) লোহিত সাগর ও এর আশপাশের রুট দিয়ে পরিচালিত হয়। তাই এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক নৌ-স্বাধীনতার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ দিল সৌদি