logo

নেতানিয়াহুকে আর ১ মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট

নেতানিয়াহুকে আর ১ মিনিটও ক্ষমতায় দেখতে চান না আইজেনকোট
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ছবি: মিডল ইস্ট আই

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না।

রোববার (১৫ নভেম্বর) প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন আইজেনকোট। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিরা বৈঠক করেন। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য প্রত্যক্ষ, বাস্তব ও তাৎক্ষণিক হুমকি।’

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর কাছে পাঠান। ওই ব্যক্তিকে কথিত গোয়েন্দা তথ্যের সূত্র হিসেবে উপস্থাপন করা হয়।

চ্যানেল ১২-এর দাবি, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। তাদের বিরুদ্ধে ভোটারদের অর্থের বিনিময়ে ভোট দিতে প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এরপর নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। এসব দল রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পুলিশ পরে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত হলে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কার্যালয় নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি পার্লামেন্ট সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিল। তাদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহ ছিল। তবে পরে ওই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

আইজেনকোট বলেন, ‘আমি এই ঘটনার অবিলম্বে তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।’

এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে আখ্যা দিয়েছে।

এর আগে শুক্রবার আইজেনকোট অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন নেতানিয়াহু।

শনিবার নেতানিয়াহু আবারও আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তবে বিরোধীদলীয় নেতা এই প্রস্তাবকে ‘লোকদেখানো কৌশল’ বলে প্রত্যাখ্যান করেন।

তবে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

ইসরায়েলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন এখনও নিশ্চিত করতে পারেননি নেতানিয়াহু কিংবা আইজেনকটের জোট। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট