হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ নিয়ে এখন পর্যন্ত ৫৮টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি জানাল তেহরান।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, দেশটির অ্যারোস্পেস ফোর্স নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোনটি শনাক্ত করে এবং পরবর্তী সময়ে সেটি ভূপাতিত করে।
এমকিউ-৯ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি দীর্ঘপাল্লার চালকবিহীন সামরিক উড়োজাহাজ। দূরনিয়ন্ত্রিত এই ড্রোন নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলা পরিচালনায় ব্যবহৃত হয়।
এদিকে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ্রহ দেখালেও ইরান এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব দেয়নি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য।
স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান সমঝোতা করতে চায়, কিন্তু তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব আসেনি। যুক্তরাষ্ট্র একটি কার্যকর ও প্রকৃত চুক্তি চায়, লোকদেখানো কোনো সমঝোতা নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের কিছু সুনির্দিষ্ট শর্ত বা ‘রেড লাইন’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি জানান, এসব শর্তের অন্যতম হলো ইরানে সমৃদ্ধ করা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না। তবে আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা



