logo

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন
পারস্য উপসাগরে ইরানি যুদ্ধজাহাজ ও স্পিডবোট। ছবি: গেটি ইমেজ

পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল করেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স কেপলারের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে।

রোববার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ১০ দিনের চলমান গড় ছিল ১০টি। শুক্রবার এই সংখ্যা ১৫টির বেশি এবং শনিবার প্রায় ১৩টি ছিল। শনিবার মাত্র দুটি জাহাজ প্রণালি অতিক্রম করে। রোববার পার হয় ছয়টি জাহাজ, যার বেশির ভাগই ইরানের নির্ধারিত পথ ব্যবহার করে।

কেপলারের তথ্য অনুযায়ী, রোববার একটি বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ ও তিনটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে।

তবে বুধবারের পর থেকে কোনো বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ দিয়ে বের হয়নি।

এদিকে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, সৌদি আরবের একটি বন্দর থেকে পরিশোধিত জ্বালানি বহনকারী একটি ট্যাংকার রোববার হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও পরে ফিরে যায় বলে জানিয়েছে রয়টার্স।

হরমুজে সামুদ্রিক উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই জাহাজ চলাচলে এই ধীরগতি দেখা দিয়েছে। সম্প্রতি ট্যাংকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফা হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার তথ্য অনুযায়ী, ৬ জুলাই থেকে হরমুজ ও এর আশপাশে চলাচলকারী জাহাজে ২৭টি ক্ষেপণাস্ত্র বা অন্যান্য প্রজেক্টাইল হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়।