হরমুজ প্রণালিতে নতুন করে ৩ ট্যাংকারে বিস্ফোরণ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রম করার চেষ্টা করায় জাহাজগুলো বিস্ফোরণের মুখে পড়েছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। এক প্রতিবেদনে মোট তিনটি ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে তাসনিম জানায়, হরমুজ প্রণালির পূর্বে একটি ‘অনিরাপদ এলাকায়’ চলাচল করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটির যান্ত্রিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ট্যাংকারটি তাদের ট্র্যাকিং বা শনাক্তকরণ ও দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ রেখেই প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজমালিক ও অপারেটরদের আমরা বারবার সতর্ক করে আসছি যে হরমুজ প্রণালি বর্তমানে অনিরাপদ। আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের পূর্বানুমতি বা সমন্বয় ছাড়া চলাচল করতে চাওয়া যেকোনো অবৈধ জাহাজের জন্য এই জলপথ সম্পূর্ণ বন্ধ।’
এদিকে ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, কাতারের মাদিনাত আশ শামাল শহরের ৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতের দিকে ঘটা এই বিস্ফোরণের পর ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা এর নাবিকেরা হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি বর্তমানে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো খতিয়ে দেখছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় চলাচলকারী অন্য সব বাণিজ্যিক জাহাজকে চরম সতর্কতা অবলম্বন করতে এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি দ্রুত ইউকেএমটিওকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
(2)-6182f1.jpg)


