logo

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

আই২৪নিউজ
আই২৪নিউজ
ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) সেনাদের ওপর হামলার পর বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এই নির্বাচনে আমাদের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া রুখে দিতে হবে।’

ইসরায়েলের নেসেট (পার্লামেন্ট) নির্বাচনের মাত্র কয়েক দিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান নেতানিয়াহু। তবে তিনি ইঙ্গিত দেন, ‘হঠাৎ আক্রমণ বা চমকপ্রদ কৌশল’ অবলম্বন করতে পছন্দ করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমি এমন সব পদক্ষেপের মাধ্যমে এই হুমকি নিষ্ক্রিয় করব, যেগুলো আপাতত গোপন রাখাই ভালো বলে মনে করি। এতে চমক দেওয়ার বিষয়টি বজায় থাকবে। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘আমরা আব্রাহাম চুক্তির আওতায় আরও অনেক দেশকে যুক্ত করতে পারি। এসব দেশ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত জুড়ে দেবে না, কারণ তারা জানে, আমরা তা মেনে নেব না। আর আমরা এখানে দুইয়ের বেশি দেশের কথা বলছি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছি। আমি বলেছিলাম, আমরা পরিবর্তন আনব, আর ঠিক সেটাই করেছি।’