সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

প্রেমিক, প্রেমিকার কিংবা সঙ্গীর সন্ধানে মানুষ কত দূর-দূরান্তেই না যেতে পারে! কিন্তু সেই সঙ্গীর সন্ধান যদি মেলে বিশ্বের সবচেয়ে সুখী দেশে, তাহলে তো মন্দ হয় না! আর সেই ভ্রমণের সমস্ত খরচ, যাতায়াতে বিমানের টিকিট, থাকা-খাওয়ার খরচ যদি অন্য কেউ বহন করলে তো সোনায় সোহাগা।
শুনে মনে হতেই পারে, এ তো মেঘ না চাইতেই জল! হ্যাঁ, এটা সত্য। অভিনব এই সুযোগের দ্বার খুলে দিয়েছে ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অবিবাহিতদের জন্য ফিনল্যান্ড চালু করেছে ‘ফিনিশ ডিনার ডেট’ প্রোগ্রাম।
আসন্ন শীতের আবহে ক্যান্ডেললাইট ডিনার, বরফাবৃত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও স্থানীয় সুস্বাদু খাবারের আমেজে নিজের মনের মানুষকে খুঁজে নেওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম এটি। দেশটির পর্যটন বোর্ড ভিজিট ফিনল্যান্ড এ অভিনব প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে সিঙ্গেলরা দেশটির খাদ্য-সংস্কৃতি জানার পাশাপাশি হয়তো প্রেমেও পড়তে পারেন।
বিখ্যাত মার্কিন সাময়িকী ফোবর্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিতকে সব খরচ বহন করে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে নর্ডিক এই দেশ। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের প্রচারণাটি ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারীরা বুনো মাছ, বেরি ও সংগ্রহ করা মাশরুমের মতো আঞ্চলিক খাবার চেখে দেখার সুযোগ পাবেন। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফের তৈরি মেনু থেকে এসব খাবার পরিবেশন করা হবে। সফরের মূল আকর্ষণ বিশেষ গ্রুপ ডিনার ডেট। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হেলসিংকি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরেতে আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা স্থানীয় ফিনিশ অবিবাহিতদের সঙ্গে দেখা করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার আমাদের সুখী জীবনযাত্রার সরাসরি প্রকাশ স্থান, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগের একটি উপায়। খাবার ফিনদের এক করে। এখন আমরা ভ্রমণকারীদের সম্পূর্ণ অনন্য একভাবে আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের সিঙ্ককোরি বা সিঙ্গল বাস্কেট নামের ডেটিং প্রবণতা থেকে এ ধারণা এসেছে। দেশটির বেশ কয়েকটি সুপারমার্কেট চেইন গোলাপি শপিং ঝুড়ি চালু করেছে। এতে অবিবাহিত ক্রেতারা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, তারা কথা বলতে, এমনকি ডেটিংয়েও আগ্রহী।
পর্যটন বিভাগ স্বীকার করেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠলেও ইউরোপের সবচেয়ে অবহেলিত রন্ধনশৈলীর একটি এখনও ফিনিশ খাবার। হিমেনেজ বলেন, সনা (পুষ্টিকর খাবার) থেকে বনে খাবার সংগ্রহ পর্যন্ত, ফিনিশ রন্ধনশৈলী এমন এক গল্প বলে, যা অন্য কোথাও নেই। দর্শনার্থীরা যেন সেই গল্প পুরোপুরি অনুভব করেন, আমরা তা-ই চাই।
তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে তারা হয়তো প্রেম খুঁজে পাবেন, একে অপরের সঙ্গে, ফিনিশ খাবারের সঙ্গে, কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের সঙ্গে।
কারা আবেদন করতে পারবেন?
১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো অবিবাহিত ব্যক্তি এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী ফিনল্যান্ডের নাগরিক বা বাসিন্দা হতে পারবেন না। আবেদন করতে হবে প্রত্যেককে আলাদাভাবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ নভেম্বর, বাংলাদেশ সময় হবে ভোর ৩টা ৫৯ মিনিট। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে ঘোষণা করা হবে।
কীভাবে আবেদন করবেন?
এই রোমাঞ্চকর ভ্রমণের অংশ হতে চাইলে আবেদনকারীকে একটি ছোট চ্যালেঞ্জে অংশ নিতে হবে। এ জন্য তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. ভিডিও তৈরি: প্রথমে ইংরেজিতে নিজের পরিচয় দিয়ে একটি ভিডিও ধারণ করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে, ‘আপনি ডিনার ডেটে সামনের ব্যক্তিকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
২. সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট: ভিডিওটি নিজের পাবলিক ইনস্টাগ্রাম বা টিকটক অ্যাকাউন্টে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করতে হবে। চাইলে ইউটিউবেও ভিডিওটি আপলোড করা যাবে। সে ক্ষেত্রে ভিডিওর সেটিংস ‘আনলিস্টেড’ রাখা যাবে।
৩. আবেদনপত্র জমা: ভিজিট ফিনল্যান্ডের মূল ওয়েবসাইটে দেওয়া আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ভিডিওর লিংক যুক্ত করে আবেদন জমা দিতে হবে।
(2)-6182f1.jpg)





