হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে এক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। আমরা অবরোধ করে রেখেছি। আমরা না চাইলে কোনো জাহাজ পার হতে পারবে না।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হলে সেখানে অনির্দিষ্টকালের জন্য মার্কিন সেনা মোতায়েন করতে হতে পারে। যদিও ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী না করার প্রতিশ্রুতি এর আগে একাধিকবার দিয়েছিলেন ট্রাম্প।
প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে বিশ্ববাজারে তেলের মজুত দ্রুত কমছে। গুরুত্বপূর্ণ এই জলপথটির নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধও চলছে।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি বা শক্তি প্রদর্শনে ইরান ভয় পাবে না। ইরানের কর্তৃত্ব ছাড়া হরমুজ প্রণালি খোলা বা বন্ধ হবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইরানে যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা শুরুর পর প্রায় ছয় মাস ধরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। তেহরান প্রণালিটি খুলতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
ইরান বলছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে তাদের আচরণ পরিবর্তন করতে হবে, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য পুরোপুরি ক্ষতিপূরণ দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ নিঃশর্তে ছাড়তে হবে। এরপরই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করা হবে।

