logo

ভারতে বাড়িতে তৈরি নুডলস খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ বড় বোন

ভারতে বাড়িতে তৈরি নুডলস খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ বড় বোন
বাড়িতে তৈরি নুডলস খেয়ে পিহু নামরে এই শিশুর মৃত্যু হয়। ছবি: এডিটিভি

ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে তার বড় বোনও। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে শিশুটির মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর বাড়িতে দুই বোন পিহু কুমাওয়াত ও দিব্যাংশী একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস তৈরি করে খায়। খাবার খাওয়ার পর দুই বোন ঘুমিয়ে পড়ে।

পরে বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশীর ঘুম ভাঙলে সে অসুস্থ বোধ করার কথা জানায়। তবে ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

দ্রুত দুই শিশুকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অসুস্থ দিব্যাংশীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে বাড়িতে তৈরি নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, পিহুর ভাই গোবিন্দ গত দুই মাস ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট