logo

যুবদলের ব্যানারসহ বেলুন গিয়ে পড়ল আসামে, তদন্তে পুলিশ

যুবদলের ব্যানারসহ বেলুন গিয়ে পড়ল আসামে, তদন্তে পুলিশ
গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় যুবদলের নাম ও প্রতীকসংবলিত ব্যানার। ছবি: নর্থইস্ট নাউ

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে গ্যাসভর্তি বেলুনে বাঁধা বাংলাদেশের বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জেলার নারায়ণপুর থানার লেটেকুজান গ্রামে বেলুনসহ ব্যানারটি পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকালে গ্রামের কাছের একটি মাঠে গরু চরাতে গিয়ে এক কিশোর বেলুনগুলো দেখতে পায়। বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

জানা গেছে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুনসমেত ব্যানারটি আকাশ উড়ায় মৌলভীবাজার শাখা যুবদলের নেতারা।

ব্যানারটি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সময় বিভিন্ন স্থানে একই ধরনের বেলুন ও দলীয় ব্যানার উড়তে দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ধলপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে গিয়ে বেলুন ও ব্যানারগুলো নিজেদের হেফাজতে নেয়। বেলুনগুলো কোথা থেকে এসেছিল এবং কীভাবে সেগুলো গ্রামে পৌঁছাল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।