logo

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রয়টার্স
রয়টার্স
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
অপরিশোধিত তেল উৎপাদন কেন্দ্র। ছবি: সাটারস্টক

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বৃদ্ধি এবং জি৭ দেশগুলোর জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্তে সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। জিএমটি সকাল ৬টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ০.৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১.৫৯ ডলার এবং ডব্লিউটিআই ১.২ শতাংশ কমে ৯০.০৫ ডলারে নেমে আসে।

শুক্রবার জি৭ জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এতে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে। একই সময়ে সৌদি আরবের তেল রপ্তানিও যুদ্ধ-পূর্ব পর্যায়ের দিকে ফিরছে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে।

তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে নতুন হামলার ঝুঁকি রয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহের চার দিনে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধ-পূর্ব পর্যায়ের চেয়ে বেশি ছিল।

এদিকে হুতিরা সৌদি আরবের রিয়াদ ও খুরাইস এলাকায় সৌদি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে, যদিও রিয়াদ তা নিশ্চিত করেনি। একই সময়ে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরুর ঘোষণা এসেছে।

ভূরাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক জাহাজে হামলার কারণে ব্রেন্টের দাম ১০০ ডলারের ওপরে রয়েছে। যুদ্ধের প্রভাবে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প বাধাগ্রস্ত হওয়ায় ওপেক+ ২০২৭ সালের উৎপাদন কোটা পর্যালোচনা পিছিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারে হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন।