ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদদের ধারণা, সাগরে অবস্থানকালে এটি আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম ওড়িশা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইএমডি এরই মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের একটি প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন উপকূলের দিকে অগ্রসর হবে বা কোথায় আঘাত হানবে, তা এখনো স্পষ্ট নয়।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সিস্টেমটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি পরবর্তী সময়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে আইএমডি এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সিস্টেমটি সাগরে আরও বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর সুনির্দিষ্ট গতিপথ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে।
(2)-6182f1.jpg)

