logo

ভারতে ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ভারতে ট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: এশিয়া পোস্ট

ভারতের পশ্চিমবঙ্গ বাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ১২ নম্বর জাতীয় সড়কের বাঙ্কা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে।

নিহতরা হলেন হাসনাত আলী (১৫), মোহাম্মদ রমজান মমিন (২৮), মোহাম্মদ মোস্তফা আনসারী (১৮), সাহেল আনসারী (১৭) ও পিকআপভ্যানের চালক সোহেল আক্তার (৩১)। তাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক এলাকায়। প্রথম চারজনের বাড়ি ভাগলপুরে এবং চালক সোহেল আক্তারের বাড়ি কাশিমনগরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মালদহের কালিয়াচক থেকে মুরগি নিয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয় পিকআপ ভ্যানটি। শিলিগুড়িতে মুরগি নামিয়ে চালকসহ চার শ্রমিককে নিয়ে বাড়ি ফিরছিল গাড়িটি।

শুক্রবার ভোর ৪টার দিকে রায়গঞ্জ থানার মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের বাঙ্কা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনী। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৯টার দিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, ‘দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।’