logo

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: এএনআই

বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠেয় দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। তবে চলতি মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা। ঢাকাতেই ওই সংলাপ হওয়ার কথা রয়েছে বলে জানায় বাংলাদেশ হাইকমিশন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত।

দুই দেশের কনস্যুলার সংলাপ সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশের ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দেশের একাধিক সংবাদমাধ্যমও একই খবর দিয়েছে।

হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, এ বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে অনুরোধের সঙ্গে ‘দূরতম সম্পর্ক’ নেই। ওই চিঠি আসার আগেই ভারতকে কূটনৈতিকপত্র পাঠানোর কথা জানান তিনি।

২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের মে মাসে দিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।