logo

ঢাকার বস্তিকে দিল্লি হিসেবে চীনা ভ্লগারদের লাইভ, ‘দুর্ভাগ্যজনক’ বলল ভারত

ঢাকার বস্তিকে দিল্লি হিসেবে চীনা ভ্লগারদের লাইভ, ‘দুর্ভাগ্যজনক’ বলল ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: এএনআই

ঢাকার বস্তি এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে উপস্থাপনের অভিযোগে চীনা নাগরিকদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, এদিন দ্বি-সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। আমি বলব, যে কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক।’

ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি (চীনা) নাগরিকদের নিয়োগের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের জন্য বিদেশি ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে মিথ্যা বয়ান ছড়ানোর চেষ্টা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং ভিডিও ধারণকারীদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে।’

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর এই প্রতিক্রিয়া জানালেন রণধীর জয়সওয়াল। ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার দরিদ্র এলাকা অর্থাৎ বস্তিগুলোর ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চীনা ব্লগাররা টেকপাড়া ও উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এসব এলাকাকে তারা ভারতের রাজধানীর অংশ হিসেবে উপস্থাপন করছিলেন। পাশাপাশি সেখানকার জীবনযাত্রা ও বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করছিলেন।

একটি ঘটনায় ‘মিয়ানমিয়ান’ নামে পরিচিত এক চীনা নাগরিক গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচার করেন। ওই সময় তিনি জায়গাটিকে নয়াদিল্লি বলে দাবি করেন এবং সেখানকার অবকাঠামো ও জীবনযাত্রার সমালোচনা করেন।

প্রথম আলোর বরাতে তার বক্তব্য তুলে ধরে এএনআই জানায়, ওই ব্যক্তি বলেন, ‘এটা নয়াদিল্লি। এখানকার বাড়িঘর অত্যন্ত নোংরা। টিনের চালের ঘরগুলোর ভেতরে একটি পাখাও নেই। জায়গাটি বেশ অনুন্নত, নোংরা ও অস্বাস্থ্যকর। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।’

আরেক ঘটনায় ‘ওয়াং ওয়েই’ নামে পরিচিত এক ব্যক্তিকে টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের পান করা চা নিয়ে অবমাননাকর মন্তব্য করেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই ব্যক্তি বলেন, ‘দেখুন, তারা চা পান করছেন। আপনি কি জানেন, এটা কী ধরনের চা? এটা গরুর মূত্রের চা। তারা গরুর মূত্রের চা পান করেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, উইচ্যাট ও ডুইনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এসব সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিও ধারণকারী দলগুলো পূর্বানুমতি ছাড়াই আবাসিক এলাকা, রান্নাঘর ও অন্যান্য ব্যক্তিগত স্থানে প্রবেশ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় কিছু সহায়তাকারী বিদেশি নাগরিকদের বিভিন্ন এলাকায় যেতে সহযোগিতা করছিলেন। এ জন্য তাদের দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা দেওয়া হতো।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরা এলাকায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণ করতে দেখার কথা স্বীকার করেছে স্থানীয় পুলিশ। তবে এসব কর্মকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট