logo

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন
ইরানের বন্দর আব্বাসে হরমুজ প্রণালির দিকে মুখ করে থাকা একটি ভাস্কর্য। ছবি: এএফপি

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরান। তবে, একটি জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটিতে আগুন লাগে। প্রণালি দিয়ে বের হওয়ার পথে থাকা জাহাজটির আগুন লাগার খবর সংস্থাটি তৃতীয় একটি পক্ষের কাছ থেকে পেয়েছে।

এক্সে প্রকাশিত সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, আগুন লাগার কারণ, জাহাজের ক্ষয়ক্ষতি, নাবিকদের অবস্থা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরজিসির নৌবাহিনীর বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী জাহাজে মাইনে আঘাত লেগে আগুন ধরে যায়। জাহাজগুলো অনুমোদনহীন পথ দিয়ে প্রণালি ছাড়ার চেষ্টা করছিল বলে দাবি করেছে ইরান।

ইরানের নৌবাহিনীর ভাষ্য, জাহাজ তিনটি রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করেছিল। পরে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো প্রণালির দক্ষিণ উপকূলের কাছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে জাহাজগুলোর নাম বা হতাহতের বিষয়ে কিছু জানায়নি দেশটি।

এদিকে, হরমুজ প্রণালির পূর্ব অংশে আরেকটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আবার শুরু হওয়ার আশঙ্কায় অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।