যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে নতুন করে হামলার হুঁশিয়ারি ইরানের

কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই সহায়তা যদি অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা দেশটির সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে উপসাগরীয় দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মাইন পাতা জলপথ দিয়ে অবৈধভাবে নৌযান চলাচলের জন্য ওয়াশিংটনের অব্যাহত চাপের ফলে সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে।’
আইআরজিসি বলেছে, ‘আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে বুঝতে হবে, এমন পরিস্থিতি চলতে থাকলে সংঘাতের পরিধি এ অঞ্চলে অবস্থিত আগ্রাসীদের ঘাঁটিগুলো পর্যন্ত ছড়িয়ে পড়বে।’ এই বার্তাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
এর আগে আইআরজিসি জানিয়েছিল, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কাজে যুক্ত চারটি নৌযানে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এতে নৌযানগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে জানিয়েছিল তারা।


