logo

মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: ইরান

মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: ইরান
ইরানের নিকটবর্তী হরমুজ প্রণালিতে নোঙর করা একটি বাণিজ্যিক কন্টেইনার জাহাজ। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরান। তেহরানের শর্ত পূরণ এবং জুনে হওয়া একটি চুক্তির আওতায় ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার শর্তগুলো সংশ্লিষ্ট পক্ষের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গালিবাফ বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে প্রতারণা ও একতরফাভাবে চাপিয়ে দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ইরানের শর্ত পূরণ, দেশটির জনগণের বৈধ অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগের অবস্থায় আলোচনায় ফেরার কিংবা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ নেই।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরানও পাল্টা হামলা শুরু করে। এ সময় অঞ্চলটির যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশেও হামলা চালায় ইরান।

এরপর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তিতে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথা ছিল।

তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় পরে ওই চুক্তি ভেস্তে যায়। ফলে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়ে।