মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, আগেভাগেই অবকাশ ছেড়ে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই অবকাশ কাটাতে ক্যাম্প ডেভিডে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই হোয়াইট হাউসে ফিরেছেন। তবে আকস্মিকভাবে তার ফেরার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি প্রেসিডেন্টের দপ্তর।
ম্যারিল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টদের অবকাশযাপনের অন্যতম স্থান। সেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে যান প্রেসিডেন্টরা।
এর আগে শনিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি তেল ডিপোতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর হুতিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব।
এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির পরিস্থিতি যে কোনো সময় আরও অবনতি হতে পারে। এ কারণে সেখানে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ইরান-সমর্থিত হুতিদের প্রসঙ্গে বলা হয়, তারা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে সৌদি আরব বিমান হামলা চালানোর পর হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা শুরু করে। এসব হামলার মধ্যে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক তেল স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।
