রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে স্বদেশে নিরাপদ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে গৃহীত পদক্ষেপ জানাতে মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন।
রায়ে আদালত বলেছেন, মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ বাসস্থানে ফিরিয়ে নেওয়া, পরিবার পুনর্মিলনের সুযোগ দেওয়া এবং অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
আদালতের এই নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে কী কী পুনর্বাসন ও প্রত্যাবাসনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণের বিষয়ে কী প্রস্তাব তৈরি করা হয়েছে, সে সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন আইসিজেতে জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে দায়ী করেছেন। রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, শিশুদের ওপর ব্যাপক যৌন ও চরম সহিংসতা চালিয়েছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।
রায় ঘোষণার সময় আইসিজের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ বাসস্থানে প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলনের ব্যবস্থা রাষ্ট্রকে অবশ্যই করতে হবে।’
আইসিজের নির্দেশ অনুযায়ী, প্রত্যাবাসন ও পুনর্বাসনের পাশাপাশি যেসব ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার সম্ভব নয়, তার জন্য রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। আগামী দুই বছরের মধ্যে এসব পদক্ষেপের অগ্রগতি জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে মিয়ানমারকে।
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।
এই নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার এই চূড়ান্ত রায় দিলেন আইসিজে। এই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই মিয়ানমারের।
(2)-6182f1.jpg)


