ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম সুপারিশের ঘোষণা

দখলদার ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বিয়াচাদ পার্টি। দলটি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আইজেনকটের নামও সুপারিশ করবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা করেছেন, তার নেতৃত্বাধীন বিয়াচাদ পার্টি পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিতে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের নাম সুপারিশ করবে। আর এ সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল।
বিয়াচাদ পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনি প্রচারের পুরো সময় বেনেট স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ভোটারদের রায়কে সম্মান করবেন। এখন তিনি সেই কথাই রাখছেন।
নির্বাচনে আইজেনকোটের দল ২১টি আসন পেয়েছে। অন্যদিকে বিয়াচাদ পেয়েছে মাত্র ১২টি আসন।
এর আগে ইসরায়েলের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি (সিইসি)। টাইমস অব ইসরায়েল জানায়, গত শুক্রবার স্থানীয় সময় ভোরে এই ফল প্রকাশ করা হয়। শতভাগ ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি, গাদি আইজেনকোটের জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে।
চূড়ান্ত হিসাবে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। কয়েক দশকের মধ্যে এটিই সর্বোচ্চ ভোটের হার। ভোট দিয়েছেন মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন।
পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের নাম সুপারিশ করবে বেনেটের দল। রোববার (১ নভেম্বর) এই ঘোষণা দেয় দলটি।
দলটির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার জন্য আইজেনকটকে ইতোমধ্যেই সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বেনেট।
এত দিন আইজেনকট বলে আসছিলেন, বিরোধী জোটের সবচেয়ে বড় দলের নেতাকেই প্রধানমন্ত্রী পদের প্রার্থী করা উচিত। তবে এ বিষয়ে বিরোধী জোটের মধ্যে কোনো সমঝোতার ঘোষণা আসেনি।
প্রসঙ্গত, নেতানিয়াহুবিরোধী দলগুলো গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে নেসেটের ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়েছে। তবে ইহুদিবাদী নেতানিয়াহু-বিরোধী দলগুলোর আসন মাত্র ৪৮টি। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।
অন্যদিকে বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন সম্ভব হচ্ছে না। নেতানিয়াহুকে হটাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগানোর কথা ইতোমধ্যেই জানিয়েছেন আইজেনকট।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলিরা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছেন বলে দাবি করে তিনি বলেছেন, নতুন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন, আইজেনকোটের ইয়াশার ২১টি, নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের ‘টুগেদার’ (বেইয়াখাদ) ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, ইয়ার গোলানের দ্য ডেমোক্র্যাটস ৮টি, আরব দল রা’আম ৮টি, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়নিস্টস ৬টি আসন পেয়েছে।







