দুই নেতার মুক্তির অপেক্ষায় সিজেপি, নতুন কৌশলের ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে পরবর্তী কর্মসূচি নির্ধারণে নতুন কৌশল গ্রহণের কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রোববার এ তথ্য জানান।
ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে দলটির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিচার বিভাগীয় হেফাজতে যাওয়ায় তাদের মুক্তির অপেক্ষায় রয়েছে সিজেপি।
বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দুই সদস্য ফিরে এলে দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং পরবর্তী আন্দোলনের রূপরেখা নির্ধারণ করবেন বলে জানিয়েছেন অভিজিৎ দীপকে।
তিনি বলেন, সৌরভ ও আশুতোষ ফিরে এলে তারা সবাই মিলে নতুন কৌশল ঠিক করবেন এবং কীভাবে আন্দোলন এগিয়ে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গত কয়েক দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিশেষ করে কথিত বেআইনি গ্রেপ্তার ও আটকের মাধ্যমে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দলটির প্রতিষ্ঠাতা আরও বলেন, এসব পদক্ষেপে তারা ভীত হবেন না কিংবা আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না। তার ভাষায়, এটি দীর্ঘমেয়াদি লড়াই এবং তারা এর জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আটক দুই সদস্যকে সেদিনই মুক্তি দেওয়া হতে পারে।
এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যেই সিজেপির পরবর্তী কর্মসূচি নিয়ে এই ঘোষণা এল। তবে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
