logo

বিশ্ববাজারে তেলের দামে পতন

বিশ্ববাজারে তেলের দামে পতন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডের দক্ষিণে একটি ড্রিলিং রিগের দৃশ্য। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বাড়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে বিশ্বের গুরুত্বপূর্ণ সংর্কীণ জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঝুঁকি অব্যাহত এবং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে তেলে দামে উল্লেখযোগ্য দরপতন দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৯৮ সেন্টে লেনদেন হচ্ছিল। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ ডলার ৪৫ সেন্টে দাঁড়ায়।

Advertisement

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে মঙ্গলবার বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল বেড়েছে। একই সময়ে গ্যাসোলিনের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল। ডিস্টিলেটের মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি থাকায় তেলের দাম বেশি কমেনি।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, তারা দেশটির ওপর ইরানের বিমান হামলা প্রতিহত করেছে। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বাহরাইনে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার এক দিন পর এ ঘটনা সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত তীব্র হওয়ায় মঙ্গলবার তেলের দুই প্রধান সূচকের দামই বেড়েছিল। তবে একই সময়ে ইরান এবং মধ্যস্থতাকারী ওমান ও কাতারের মধ্যে আলোচনা চলছিল। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর হামলার ঘটনাও তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

মঙ্গলবার ইরানের ড্রোন বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায়।

এর আগে সোমবার ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) ট্যাংকার নিক্ষিপ্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে জাহাজটি থেকে নাবিকদের সরিয়ে নিতে হয়।

মঙ্গলবার এক নোটে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা বলেন, ‘বিকল্প পথ ব্যবহার করে আঞ্চলিক তেল সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হলেও সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য বলছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক করা এখনো সম্ভব নয়।’

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট