মাটির সঙ্গে মিশে গেছে চীনের সেই স্থলবন্দর (ভিডিও)

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ হড়কা বান ও ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে আকাশ থেকে ধারণ করা ভিডিওতে। চীনা উদ্ধারকারীদের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, একসময় সবুজ পাহাড়, নদী ও নানা স্থাপনায় ঘেরা গিরং স্থলবন্দর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভিডিওর আগের ও পরের দৃশ্য পাশাপাশি তুলনা করে বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। দুর্যোগের আগে গিরং স্থলবন্দরের এলাকায় বহুতল ভবন, সীমান্ত চেকপোস্ট, সড়ক, নদী ও সবুজ পাহাড় দেখা যায়। কিন্তু ভূমিধসের পর পুরো এলাকা ধ্বংসস্তূপ ও কাদায় ঢেকে গেছে। অনেক স্থাপনা ও অবকাঠামোর কোনো চিহ্নও দেখা যাচ্ছে না।
নেপাল-তিব্বত সীমান্তে হড়কা বান ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৯০ জনের বেশি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ।
নেপালে অন্তত ৮২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে অন্তত তিনজনের মৃত্যু এবং ৫৫৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্যোগে নেপালের কয়েক ডজন সেতু ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০ কিলোমিটার সড়ক। ফলে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম বাসনেত জানিয়েছেন, সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে শতাধিক মানুষকে উদ্ধার করেছে। ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনায় আটকে পড়া লোকজনকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আহত বহু মানুষকে চিকিৎসার জন্য নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
Our fingers crossed.😭😭😭
— Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) August 27, 2026
🙏🙏🙏Today, rescue helicopters of the Chinese People's Liberation Army (PLA) filmed footage near a devastating mudslide hit port of Gyirong (吉隆), along the🇨🇳#China-🇳🇵#Nepal border in China's Xizang Autonomous Region. pic.twitter.com/56w5fiS6tJ
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গিরং স্থলবন্দরের কাছে ভয়াবহ ভূমিধসের পর আশপাশের এলাকায় গড়ে দেড় মিটারেরও বেশি পুরু কাদার স্তর জমেছে।
বন্দরের দিকে যাওয়ার সব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকায় ওই এলাকায় নতুন করে ভূমিধস বা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
ভয়াবহ এই দুর্যোগের পর নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় উদ্ধার অভিযান চলছে। তবে ধ্বংসপ্রাপ্ত সড়ক ও সেতু এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

