‘চিকেনস নেক’ করিডরে চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরে চতুর্থ রেললাইনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সংকীর্ণ করিডরটর সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
সম্প্রতি সাংবাদিকদের তিনি জানান, মালদা-নিউ জলপাইগুড়ি অংশটি উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার প্রধান পথ। কৌশলগত গুরুত্ব বিবেচনা করে পূর্বে প্রস্তাবিত তৃতীয় লাইনের পাশাপাশি এবার চতুর্থ লাইনেরও সবুজ সংকেত দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে শিলিগুড়ির কাছে তিনমাই ঘাট থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ একটি ডাবল-লাইন ভূগর্ভস্থ টানেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেটি পুরো উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগব্যবস্থার পরিকাঠামোয় এক বড় পরিবর্তন আনবে।
শ্রীবাস্তব জানান, ‘চিকেনস নেক’ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের প্রায় ২০-২২ কিলোমিটার চওড়া এবং ৬০ কিলোমিটার দীর্ঘ একটি ভূখণ্ড। এর ওপর পুরো উত্তর-পূর্ব ভারতের যাতায়াত নির্ভরশীল। এই করিডোরের পাশাপাশি বারসোই সেকশনে লাইন দ্বিগুণ করা এবং কাটিহার বিভাগে ব্যাপক অবকাঠামোগত সম্প্রসারণের কাজ চলছে।
এনএফআরের এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন যোগাযোগ সহজ করতে জোগবানি, রাধিকাপুর ও বালুরঘাট থেকে লোকাল ট্রেন এবং গুয়াহাটির বাইরে তিনসুকিয়া ও আগরতলা পর্যন্ত দ্রুতগতির ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এনএফআর নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়ন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

