logo

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনকে রাজি করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনকে রাজি করতে ওয়াশিংটনে মোসাদপ্রধান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদের পরিচালক রোমান গোফম্যান। ছবি: টাইমস অব ইসরায়েল

ইরানের ওপর পুনরায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রমাগত চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে অভ্যন্তরে অচলাবস্থার মধ্যেই ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। তারই অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনকে যুদ্ধে রাজি করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান।

শুক্রবার (১৩ নভেম্বর) সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করবেন গোফম্যান। বৈঠকের মূল আলোচ্য বিষয় ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া।

অ্যাক্সিওস জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের সময় সিআইএপ্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছিলেন গোফম্যান।

হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গোফম্যান সিআইএ পরিচালকের পাশাপাশি ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও মায়ামিতে বৈঠক করতে পারেন।

ট্রাম্প এখন পর্যন্ত যুদ্ধে ফেরার বিষয়ে নেতানিয়াহুর চাপ প্রত্যাখ্যান করেছেন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর টেলিফোনে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।

এর পরিবর্তে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের অভিযান অব্যাহত রাখতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানকে সমর্থন করছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা-ও খতিয়ে দেখছেন তিনি।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এটা অবিলম্বে শেষ করে দিতে পারতাম। কিন্তু যেসব দেশকে আমি রক্ষা করতে চাই, তাদের অনুরোধে আমরা কাজটি একটু দীর্ঘ পথে, আরও সভ্যভাবে করছি।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, যেন আপাতত পরিস্থিতি এভাবেই চলতে দেওয়া হয়। কারণ, (ইরান) ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও এই অপেক্ষার সময়টাকেই বেশি পছন্দ করবে।’

তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ ও হোয়াইট হাউস।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট