logo

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের সামনে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। ছবি: এএফপি

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি ওয়ালমার্ট স্টোরের সামনে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংগঠিত অপরাধচক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ করছে তদন্তকারীরা।

নিহতরা হলেন ২৩ বছর বয়সী গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং ২৪ বছর বয়সী সুখজিৎ কৌর। গত ১৫ নভেম্বর রাত ১০টা ৩৮ মিনিটের দিকে ওয়ালমার্টের পার্কিং এলাকায় তাদের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রোববার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

Advertisement

সারে পুলিশ সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধারকর্মীরা ওই নারী ও পুরুষকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই পার্শ্ববর্তী ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন।

ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে কানাডার বৃহত্তম হত্যাকাণ্ড তদন্ত ইউনিট ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ওয়ালমার্ট পার্কিংয়ে লাল রঙের একটি মুস্তাং গাড়ি দেখা গেছে, যার জানালাগুলো বিস্ফোরণে ভেঙে যায়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুলির ঘটনার প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুড়ে যাওয়া গাড়িটিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন গাড়ি হিসেবে বিবেচনা করছেন তদন্তকারীরা।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত রেহালের বিরুদ্ধে আগে অস্ত্র-সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল। অন্যদিকে সুখজিৎ কৌরের কানাডায় পরিচিত অপরাধসংশ্লিষ্ট যোগাযোগের তথ্য খুবই সীমিত।

আইএইচআইটির এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, এ গুলির ঘটনা পরিকল্পিত এবং সংগঠিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে তদন্তকারীরা মনে করছেন। এ হত্যাকাণ্ডে দুটি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত।

ঘটনার বিষয়ে কোনো তথ্য, সিসিটিভি ফুটেজ কিংবা গাড়ির ড্যাশক্যামের ভিডিও থাকলে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে গত মাসেও কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গাড়িতে আগুন লাগার ঘটনায় এক ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত যুবকের নাম তুষার শর্মা (২৫)। তিনি সারে শহরের বাসিন্দা ছিলেন।

গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ল্যাংলির রলিনসন ক্রিসেন্ট এলাকায় একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। আগুন নেভানোর সময় জরুরি উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে মানুষের দেহাবশেষ দেখতে পান। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, সেটি তুষার শর্মার মরদেহ।

এ ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানান, তুষার শর্মার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং কানাডায় তার সামাজিক যোগাযোগের পরিধিও খুব বেশি ছিল না।

তার ব্যক্তিগত জীবন, দৈনন্দিন চলাফেরা এবং মৃত্যুর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। বিদেশে থাকা আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

তদন্তকারীদের ধারণা, তুষার শর্মাকেও পরিকল্পিতভাবে হত্যার জন্য লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কানাডার একই প্রদেশে অল্প সময়ের ব্যবধানে ভারতীয় বংশোদ্ভূত একাধিক ব্যক্তির এমন হত্যাকাণ্ড প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

সূত্র: এনডিটিভি

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট