logo

একের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়

একের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়
বোমা হামলার হুমকির পর ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাস এয়ারবাসটি ফ্রান্সের এভরেক্স সামরিক বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। ছবি: রয়টার্স

ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় চলাচলকারী একাধিক বাণিজ্যিক বিমানে ধারাবাহিক বোমা হামলার হুমকির জেরে ব্যাপক বিঘ্নিত হয়েছে ফ্লাইট চলাচল। নাশকতার আশঙ্কায় জরুরি ভিত্তিতে নির্ধারিত রুট পরিবর্তন করে বিমানগুলোকে নিরাপদ স্থানে অবতরণ করাতে বাধ্য হয়েছেন পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকি আসার পর ইউরোপজুড়ে বিমান চলাচলে এই বিপর্যয় দেখা দেয়। নিরাপত্তাজনিত চরম সতর্কতার কারণে আয়ারল্যান্ড, পোল্যান্ড, ফিনল্যান্ড ও বুলগেরিয়াসহ বিভিন্ন গন্তব্যের বেশ কয়েকটি ফ্লাইটগুলোর নির্ধারিত রুট বদলে কাছাকাছি বিমানবন্দরে জরুরি অবতরণ করায় সংশ্লিষ্ট দেশগুলো।

প্রতিবেদন অনুসারে, আইরিশ বিমান সংস্থা এয়ার লিঙ্গাসের ডাবলিন থেকে রোমগামী ইআই৪০২ ফ্লাইটটি রুট বদলে ফ্রান্সের এভ্রো বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে। ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সতর্ক বার্তার পর ফরাসি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ফ্লাইটটিকে নিরাপদে এভ্রোতে এস্কর্ট করে নিয়ে যায়।

একই দিনে পোল্যান্ডের বিমান সংস্থা ‘লট’-এর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি বিমানকে বোমা হামলার ঝুঁকিতে বেলজিয়ামের জাভেনটেম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ফিনএয়ারের হেলসিঙ্কি থেকে রোমগামী আরেকটি বিমানকে জরুরি অবতরণে নিরাপত্তা নিশ্চিত করে ইতালির বিমানবাহিনী।

এ ছাড়া বুলগেরিয়ার সোফিয়া ও প্লোভদিভ বিমানবন্দরে কোপেনহেগেন, মাদ্রিদ ও লন্ডন থেকে আসা রিয়ানএয়ারের তিনটি বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

এর আগে, মঙ্গলবারও ইউরোপের আকাশসীমায় একই ধরনের নাশকতা চালানো হয়। সেদিন অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরীকে লক্ষ্য করে চালানো ভুয়া বোমা হামলার কারণে একাধিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছিল।

কোনো দেশ বা গোষ্ঠী এখনও এসব হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনা এমন সময়ে ঘটছে যখন ইউরোপের গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তারা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে অঞ্চলজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’-এ জড়িত থাকার অভিযোগ তুলেছেন। মস্কো ও তেহরান উভয়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহে ইউরোপীয় কয়েকটি দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলার মাধ্যমে অচল করে দেওয়ার মতো এসব ভুয়া বোমা হামলার হুমকিও কম খরচে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি এবং নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করার কৌশলী তৎপরতার অংশ হতে পারে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট