logo

রিয়াদে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিহতের দাবি সৌদি জোটের

এপি
এপি
রিয়াদে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিহতের দাবি সৌদি জোটের
হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ছবি: এপি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর আগেই আকাশে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, রিয়াদ অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার পর সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে, শুক্রবার ভোরে রিয়াদের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়। তবে বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আরও দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ড্রোনও আকাশে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোন দুটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা প্রকাশ করেনি জোট।

সাম্প্রতিক এই ঘটনা সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটল। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।